এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। আসর কাটছে দর্শক হয়ে। তবে এবার না গেলেও পরবর্তী আসরের টিকিট আগেভাগেই কেটেছে টাইগাররা।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের সেই আসরে ১২ দল খেলবে সরাসরি। বাকিদের পাড়ি দিতে হবে বাছাইপর্ব।
আইসিস্যার নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সাথে স্বাগতিক দু’ দল ও র্যাঙ্কিং থেকে আরো দুই দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ বিশ্বকাপে।
সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপের টিকিট।
আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। তবে নিউজিল্যান্ড দল সুপার এইটে ওঠে যাওয়ায়, র্যাঙ্কিং থেকে সুযোগ পাবে তিনটি দল।
আর সেই তালিকায় এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। র্যাঙ্কিংয়ে ১০-১১-১২তম দল হিসেবে এ তিন দেশ সুযোগ পাবে বিশ্বকাপে।
যেহেতু ৯ মার্চের আগে এ তিন দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র্যাঙ্কিং কমারও সম্ভাবনা নেই। ফলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেল তারা।
এর বাইরের বাকি ৮ দল আসবে বাছাইপর্ব খেলে। আমেরিকা অঞ্চল থেকে একটি, ইউরোপ অঞ্চল থেকে দু’টি, আফ্রিকা অঞ্চল থেকে দু’টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে তিনটি দল।



