গুঞ্জন রটেছিল আগেই, হলোও তাই। বাবর আজমকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান দল। বিশ্বকাপ ব্যর্থতায় দল থেকে বাদ পড়েছেন তিনি। নেই শাদাব খান ও ফখর জামানও।
বাংলাদেশ সফরকে সামনে রেখে আজ (বুধবার) ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে আছে চমক, ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার।
নেতৃত্বে পরিবর্তন আসেনি অবশ্য, অধিনায়কত্ব করবেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। তার দায়িত্বেই ওয়ানডে দল নতুন কাঠামোয় সাজানোর চেষ্টা করছে পাকিস্তান।
যেখানে প্রাধান্য পাচ্ছেন তরুণরা। সুবাদে দলে সুযোগ পেয়েছেন আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন।
তাদের নিয়ে আগামী ৮ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটিই ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে।
পাকিস্তান স্কোয়াড: শাহীন আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসাইন।



