ক্রিকেট বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে ফুটবলের জনপ্রিয় দেশ ইতালির। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব থেকে টিকিট পাওয়া দলটি।
আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালি ও স্কটল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
ফুটবলে জনপ্রিয় দেশ ইতালি। ফিফা বিশ্বকাপের গত দুই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের চ্যাম্পিয়ন দলটি। তবে গেল বছর ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইউরোপ মহাদেশের দেশটি। তবে এক জরিপে দেখা গেছে, ইতালির জনপ্রিয় ১০ খেলার মধ্যে নেই ‘ক্রিকেট’।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে খেলার টিকিট পায় ইতালি। বাছাই পর্বের ৪ ম্যাচে ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট অর্জন করে দলটি। আর তাতেই রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে ইতালি।
বাছাই পর্ব খেলার সময় আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৩২তম স্থানে ছিল ইউরোপিয়ান দলটি। এবার ২৭তম স্থানে থেকে বিশ্বকাপ খেলতে নামবে ইতালি।
বিশ্বকাপের অভিষেকটা স্মরণীয় করে রাখতে চায় ইতালি। দলের অধিনায়ক ওয়েইন ম্যাডসেন বলেন, ‘আমাদের জন্য কাল অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইতালি। এই দিনকে আরো বেশি স্মরণীয় করে রাখতে ২২ গজে সেরা ক্রিকেট খেলতে হবে সবাইকে। ব্যাটে-বলে জ্বলে উঠে জয় নিয়ে আমরা মাঠ ছাড়তে চাই।’
২০১৯ সালের মে মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে পথচলা শুরু হয় ইতালির। এখন পর্যন্ত ২৫টিতে জয়, ১৩টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাদের। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে ইতালি।
এরপর বিশ্বকাপের দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইতালি। কানাডাকে ১০ রানে ও সংযুক্ত আরব আমিরাতকে ১১২ রানে হারায় তারা।
আয়ারল্যান্ড সিরিজ ও প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বলে জানান ম্যাডসেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে হারলেও, আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি। এরপর প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল দল। সেখানে শতভাগ সফল হয়েছি। আশা করছি, মূল লড়াইয়েও সাফল্য ধরা দেবে আমাদের।’
এই নিয়ে সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আগে ছয় আসরে স্কটিশদের সেরা সাফল্য ছিল সুপার টুয়েলভ। ২০২১ সালে গ্রুপ পর্বের বাঁধা টপকিয়ে সুপার টুয়েলভে খেলে তারা।
ইতালির বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। তিনি বলেন, ‘প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামবে ইতালি। স্বাভাবিকভাবেই উচ্ছসিত থাকবে তারা। অভিষেক স্মরণীয় করে রাখতে নিজেদের উজার করে দেবে এবং জয় জন্য মরিয়া থাকবে ইতালি। এজন্য এ ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমরাও চেষ্টা করব, জয় নিয়ে মাঠ ছাড়তে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবার করে মুখোমুখি হয়েছে ইতালি ও স্কটল্যান্ড। সমান ১টি করে ম্যাচ জিতেছে দল দু’টি।
ইতালি দলের স্কোয়ার্ড : ওয়েইন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস কাম্পোপিয়ানো (উইকেট রক্ষক), জাইন আলি, আলি হাসান, কৃশান কালুগামাগে, হ্যারি মানেন্তি, জান পিয়ে মেডি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাইদ নাকভি, বেনজামিন মানেন্তি, জসপ্রিত সিং, জেজে স্মুটস, গ্র্যান্ট স্টুয়ার্ট ও টমাস ড্রাকা।
স্কটল্যান্ড দলের স্কোয়ার্ড : রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফইয়ান শরীফ, মার্ক ওয়াট ও ব্র্যাডলি হুইল।
সূত্র : বাসস



