বিসিএলের উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নর্থ জোন। আকবর আলীর সেঞ্চুরি ও রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে ইস্টে জোনকে হারিয়েছে তারা। নাজমুল হোসেন শান্তদের জয় ৫৪ রানে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৩৩৫ রান সংগ্রহ করে নর্থ। জবাবে ৪৯.৪ ওভারে ২৮১ রান পর্যন্ত করতে পারেন ইয়াসির আলীরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরতেই ফেরেন হাবিবুর রহমান সোহান (১৬)। তবে দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন শান্ত ও তানজিদ তামিম। মাত্র ৩৭ বলে ফিফটি হাঁকান তামিম।
এরপর অবশ্য বেশিদূর যেতে পারেননি। ৮টি চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করে আউট হন তামিম। বড় হয়নি লিটন দাস (১০) ও তাওহীদ হৃদয়ের (২) ইনিংসও। দলীয় ১১৮ রানে চতুর্থ উইকেটের পতন হয়।
এরপর অধিনায়ক শান্তর সাথে আকবর আলী গড়েন শতাধিক রানের জুটি। দুজনেই দেখা পান ফিফটির। ৮৭ বলে ৬৮ রান করে শান্ত আউট হলে ভাঙে আকবর-শান্তর ১২০ রানের জুটি।
তবে আকবর থামেননি, উল্টো আরো আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তিনি। ৮১ বলেই পান সেঞ্চুরির দেখা। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ৮ চার ও ৬ ছক্কায় করেন ১১১ রান।
এরপর শরিফুল ইসলাম (২০) ও আব্দুল গাফফার সাকলায়েন (১৭) মিলে দলকে নিয়ে যান ৩৩৫ রানে। ইস্ট জোনের হয়ে ৫২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।
রান তাড়ায় ১৫ ওভারে ৬৪ রানে ৩ উইকেট হারায় ইস্ট। জাকির হাসান (৮), অমিত হাসান (২২) ও পারভেজ ইমন ফেরেন ৩৫ রান করে। এরপর মুমিনুল হককে নিয়ে জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি।
তাদের ৭১ রানের জুটিতে লড়াইয়ে ছিল ইস্ট। তবে সেই জুটি ভাঙেন রিশাদ। ৪২ রানে ফেরান ইয়াসিরকে। ছয়ে নেমে শামীম পাটোয়ারী বেশিক্ষণ টিকতে পারেননি (১২), একই ওভারে ফেরেন সাইফউদ্দিনও (১)।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইস্ট জোন। ৮২ বলে মুমিনুলের ৮৩ রানের ইনিংসটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বল হাতে ৫৭ রানে ৪ উইকেট শিকার করেন রিশাদ।



