ভারত-পাকিস্তান ম্যাচে যে ৫টি দিকে নজর থাকবে

শাহিনকে যেমন অভিষেক টেক্কা দিয়েছেন, তেমনই এখন পর্যন্ত জসপ্রীত বুমরাহের বিপক্ষে দাপট দেখিয়েছেন সাহিবজাদা ফারহান। এশিয়া কাপের তিন ম্যাচে একে অপরের বিপক্ষে খেলেছেন তারা।

নয়া দিগন্ত অনলাইন
ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচের দৃশ্য
ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচের দৃশ্য |সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই নায়ক হয়ে ওঠার লড়াই। সেই লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই দলের ক্রিকেটাররা। আর সেই লড়াই যিনি জেতেন, তিনি রাতারাতি তারকা হয়ে যান। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচেও পাঁচটি ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

১) শাহিন বনাম অভিষেক
এখন পর্যন্ত এই লড়াইয়ে শাহিনকে হারিয়েছেন অভিষেক। এশিয়া কাপে তিন ম্যাচে শাহিনের বিপক্ষে ১৯ বল খেলেছেন তিনি। করেছেন ৩৬ রান। অর্থাৎ, ১৮৯.৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পাকিস্তানের প্রধান পেসারকে তিনটি চার ও তিনটি ছক্কা মেরেছেন ভারতীয় ওপেনার। অভিষেককে একবারও আউট করতে পারেননি শাহিন। বিশ্বকাপেও সেই ছন্দেই খেলতে চাইবেন অভিষেক। শাহিনের কাছে সুযোগ রয়েছে আগের তিন ম্যাচের বদলা নেয়ার।

২) বুমরাহ বনাম ফারহান
শাহিনকে যেমন অভিষেক টেক্কা দিয়েছেন, তেমনই এখন পর্যন্ত জসপ্রীত বুমরাহের বিপক্ষে দাপট দেখিয়েছেন সাহিবজাদা ফারহান। এশিয়া কাপের তিন ম্যাচে একে অপরের বিপক্ষে খেলেছেন তারা। বুমরাহের ৩৪ বলে ফারহান করেছেন ৫১ রান। ১৫০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ছ’টি চার ও তিনটি ছক্কা মেরেছেন। ফারহানকে একবারও আউট করতে পারেননি বুমরাহ। যে কোনো ফরম্যাটে বুমরাহের বিপক্ষে এ রকম দাপট দেখাতে খুব কম ব্যাটারকে দেখা গেছে। বিশ্বকাপেও কি সেই ছবি দেখা যাবে? না কি এবার লড়াইয়ে টেক্কা দেবেন বুমরাহ?

৩) বাবর বনাম বরুণ
আগের ম্যাচে রানে ফিরেছেন বাবর আজম। ভারতের বিপক্ষে তিনি পাকিস্তানের বড় ভরসা। মিডল অর্ডারে রান তোলার দায়িত্ব তার। সেই সময় সামনে বরুণ চক্রবর্তীকে পাবেন তিনি। এই মুহূর্তে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বোলার বরুণ। তার রহস্যময় বোলিং ব্যাটারদের সমস্যায় ফেলে। এর আগে টি-টোয়েন্টিতে বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন বাবর। মেরেছেন একটি চার ও একটি ছক্কা। একবারও আউট হননি। তবে স্ট্রাইক রেট খুব বেশি (১৩০.৮) নয়। রোববার আবার মুখোমুখি হবেন তারা। এবার কে বাজিমাত করেন সে দিকেই নজর দু’দলের সমর্থকদের।

৪) সূর্যকুমার বনাম তারিক
যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। তার প্রধান শক্তি, মাঠের চার দিকে সহজে শট খেলতে পারার ক্ষমতা। সেই কারণে তাকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। সূর্যের সামনে কোথায় বল ফেলবেন, তা নিয়ে চিন্তায় থাকেন বোলাররা। অন্যদিকে এবারের বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস উসমান তারিক। ভারতের বিপক্ষে নামার আগেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূর্যকে থামাতে তাকে পাঠাবেন পাক অধিনায়ক সালমন আলি আগা। এই লড়াইয়ের দিকেও সকলের নজর থাকবে।

৫) হার্দিক বনাম ফাহিম
দুই দলের দুই সেরা অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে বড় ভূমিকা থাকে তাদের। হার্দিকের ৫ বলে এখন পর্যন্ত ১২ রান করেছেন ফাহিম। উল্টো দিকে ফাহিমের ২ বলে ২ রান করেছেন হার্দিক। ব্যাট হাতে তারা দু’জনেই ফিনিশারের ভূমিকা পালন করেন। আবার পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করেন। ফলে রোববারের ম্যাচে এই দু’জনের লড়াইয়ের দিকেও সকলের নজর থাকবে।