টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার মুখোমুখি হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

নয়া দিগন্ত অনলাইন
রোববার মুখোমুখি হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান
রোববার মুখোমুখি হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান |সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ‘ডি’ গ্রুপের ম্যাচে রোববার (৮ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য দু’দলের।

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এছাড়া দু’দলের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্তও হয়। সবগুলো ম্যাচই বিশ্বকাপের মঞ্চেই ছিল।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড।

এরপর ২০২২ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়।

২০২৪ সালে আবারো টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয় নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত ওই ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে চমক দেখায় আফগানরা।

মুখোমুখি লড়াই বিবেচনায় এগিয়ে যাবার সুযোগ নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সামনে। তবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাই প্রধান লক্ষ্য দু’দলের।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা, সব দলেরই প্রধান লক্ষ্য থাকে। আমাদেরও একই লক্ষ্য। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে পারলে, জয় পাওয়া অসম্ভব নয়।’

স্যান্টনারের সুরেই কথা বললেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলে, বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। আমরাও ভালোভাবে বিশ্বকাপ অভিযান শুরু করতে চাই। নিউজিল্যান্ড শক্তিশালী দল। জয় পেতে হলে তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে হবে।’

আফগানিস্তান ম্যাচের আগে একাদশ সাজানো নিয়ে বিপাকে নিউজিল্যান্ড। ভাইরাস সংক্রমণে ভুগছেন দলের দু’ ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। একাদশ চূড়ান্ত করতে ম্যাচের আগ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছেন কিউই কোচ রব ওয়াল্টার।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত এ মুহূর্তে অসুস্থ কনওয়ে ও রাচিন। ভাইরাস সংক্রমণে ভুগছে তারা। আশা করছি, প্রথম ম্যাচের একাদশে তাদের রাখতে পারব। ভালো দিক হলো সবাই প্রথম ম্যাচের জন্য ফিট ও সুস্থ থাকার পথেই আছে। যা আমাদের জন্য ভালো খবর।’

নিউজিল্যান্ড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন।

আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমারজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমাদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই। বাসস