এক ম্যাচে ৪ একাদশ, অভিনব নিয়ম পিএসএলে

নিয়মটি পিএসএলের উদ্বোধনী ম্যাচ থেকেই কার্যকর হয়েছে। প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও হায়দারাবাদ কিংসমেন অধিনায়ক মার্নাস লাবুশানে দু’টি করে টিম শিট নিয়ে মাঠে নেমেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
পিএসএলের ৮ দলের অধিনায়কের ফটোশ্যুট
পিএসএলের ৮ দলের অধিনায়কের ফটোশ্যুট |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতেই ক্রিকেট অঙ্গনে নতুন চমক। এই ফ্র্যাঞ্চাইজি লিগে চালু হয়েছে এক অভিনব নিয়ম, যা ম্যাচের মোড় ঘোরাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক ম্যাচে চার একাদশ নিয়ে নামতে পারবে দলগুলো।

নতুন নিয়ম অনুযায়ী, টসের সময় দুই দলের অধিনায়ককে সাথে রাখতে হবে দু’টি আলাদা টিম শিট। অর্থাৎ, ম্যাচ শুরুর আগে প্রত্যেক দল সম্ভাব্য দু’টি একাদশ ঠিক করে রাখবে। টসের পর দু’টি তালিকা থেকে একটি চূড়ান্ত করে সই করতে হবে অধিনায়ককে। একবার দল চূড়ান্ত হয়ে গেলে প্রতিপক্ষের সম্মতি ছাড়া আর কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ টস হওয়ার পর পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়করা।

পিএসএলের নিয়মের ‘নমিনেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ প্লায়ার্স’ শাখার ১.২.১ ধারায় বলা হয়েছে, ‘দু’টি টিম শিটে ১১ জন করে ক্রিকেটার থাকবেন। সর্বোচ্চ ৪ জন বদলি ফিল্ডারের নাম দেয়া যাবে। দু’টি তালিকাই টসের আগে ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। টসের পর অধিনায়ক একটি তালিকা বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন অধিনায়ক। যাতে পরে বিভ্রান্তি তৈরি না হয়। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া তাতে কোনো পরিবর্তন করা যাবে না।’

নিয়মটি পিএসএলের উদ্বোধনী ম্যাচ থেকেই কার্যকর হয়েছে। প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও হায়দারাবাদ কিংসমেন অধিনায়ক মার্নাস লাবুশানে দু’টি করে টিম শিট নিয়ে মাঠে নেমেছিলেন।

নতুন নিয়মের ব্যাপারে অনেকেই বলছেন, ম্যাচের ফলাফল অনেক সময় টসের ওপর নির্ভর করে। টস হেরে অনেক অধিনায়ক প্রথম একাদশ বেছে নেয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগেন। এক্ষেত্রে কোচের সাথে কথা বলতে পারবেন তিনি। নতুন নিয়মের পর অধিনায়কদের সমস্যা অনেকটাই কাটবে। যে দল আগে ব্যাটিং করবে, তারা একজন স্পিনারের বদলে বাড়তি ফাস্ট বোলার খেলানোর সুযোগ পাবে। পরে বোলিং করলে দলগুলো ব্যাটিং অর্ডার আরো শক্তিশালী করে নিতে পারবে। তা ছাড়াও শিশির সমস্যাও অনেকটা দূর হবে বলে মতামত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, প্রথম ম্যাচে জয় পেয়েছে লাহোর কালান্দার্স। প্রথমে ব্যাট করে লাহোর তোলে ১৯৯ রান। ৩৯ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ফখর জামান। অপরাজিত ৪০ রান করে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন হাসিবুল্লাহ খান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় কিংসমেনরা। ৬৯ রানের বড় জয় দিয়ে পিএসএল অভিযান শুরু করেছে লাহোর।