পাকিস্তান সিরিজে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী মিরাজ। এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েও ছিলেন ব্যর্থ, করেন ৫ বলে ১ রান। তবে বল হাতে ছিলেন ছন্দে।
সিরিজে পুরো ৩০ ওভার বল করে ৩.৩৩ ইকোনমিতে ৫ উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। যার পুরস্কার পেলেন র্যাঙ্কিংয়ে। সেরা বোলারদের তালিকায় আছেন উপরের দিকে।
আজ বুধবার সাপ্তাহিক হালনাগাদের পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে বল হাতে সেরা দশে দেখা মিলেছে মিরাজের। ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন তিনি।
অলরাউন্ডার তালিকাতেও উন্নতি হয়েছে মিরাজের। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। যেখানে তার সামনে কেবল আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই।
এদিকে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে প্রায় একাই গুঁড়িয়ে দেন নাহিদ রানা। ২৪ রানে ৫ উইকেট শিকার ধরেন তিনি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে যা সেরা বোলিংয়ের রেকর্ড।
পরের দুই ম্যাচেও নেন তিনটি উইকেট। তানজিদ হাসানের সাথে যৌথভাবে জেতেন সিরিজ সেরার পুরস্কার। এবার সুখবর পেলেন আইসিসি থেকেও। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।
৬৫ ধাপ এগিয়ে প্রথম এক শ’ জনের মাঝে ঢুকেছেন নাহিদ। তার অবস্থান এখন ৯৮তম। এছাড়া তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম ও ১৩ ধাপ এগিয়ে মোস্তাফিজুর রহমান আছেন ৪৭ নম্বরে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে তানজিদ তামিম লম্বা লাফ দিয়েছে। শেষ ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে আছেন।
এছাড়া তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২তম ও লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে আছেন।
শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন পাকিস্তানের সালমান আগাও। ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে আছেন তিনি, যৌথভাবে ভারতের লোকেশ রাহুলের সাথে।



