আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ঈদ উপহার পাচ্ছেন ক্রিকেটার ও তাদের পরিবারের সদস্যরা।
শনিবার (১৪ মার্চ) সেই উপহার তুলে দেয়া হয় তাদের হাতে।
বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক ও জাতীয় দলের ম্যানেজার নাফিজ ইকবাল খান ঈদ উপহার তুলে দেন ক্রিকেটারদের হাতে। এই সময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় ক্রিকেটারদের।
মূলত ক্রিকেটারদের সাথে সম্পর্কটা আরো উষ্ণ করে তোলতে গত বছর থেকে এ উদ্যোগ নেয় ক্রিকেট পরিচালনা বিভাগ। সবাই মিলে যে এক বৃহৎ পরিবার, সেটি ছড়িয়ে দেয়াই যেন উদ্দেশ্য।
গতবার শুধু ক্রিকেটারদের স্ত্রীর জন্য গিফট পাঠিয়েছিল বিসিবি। ঈদ উপহার হিসেবে সালোয়ার–কামিজ পাঠিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের জন্য কিছুই ছিল না! তবে এবার পেয়েছেনক্রিকেটাররাও।
এ ঈদে গিফট প্যাক পাবেন গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন এমন ৩০ ক্রিকেটার ও তাদের সহধর্মিণীদের নামে।
উপহার হিসেবে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাজামা-পাঞ্জাবির সেট দেয়া হয়েছে। স্ত্রীদের জন্য আছে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ।
আর ক্রিকেটারদের সন্তানদের জন্যও উপহার দিবে বিসিবি। তাদের জন্য বিসিবি পাঠাবে চকলেটের বক্স।
শুধু ক্রিকেটাররা নয়, জাতীয় দলের সাথে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরো ২০ জনকে দেয়া হয়েছে একই উপহার।
বিসিবি’র এমন উদ্যোগ ঈদের বেশ আগেই ঈদের আমেজ নিয়ে এসেছে সংশ্লিষ্টদের মাঝে। যদিও তার জন্য প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছে বিসিবির।



