অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা

বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি, ব্রেড ইভান্স ও গ্রায়েম ক্রেমার নেন ২টি করে উইকেট।

নয়া দিগন্ত অনলাইন
আজ দলীয় সর্বোচ্চ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট
আজ দলীয় সর্বোচ্চ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

সিলেবাসের বাইরে থেকে এসে বাজিমাত জিম্বাবুয়ের। আফ্রিকান দলটার মারপ্যাঁচে প্রথম ধরা পড়েছে পরাক্রমশালী অস্ট্রেলিয়া। এবার অঙ্ক মেলাতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে সিকান্দার রাজার দল। ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকেই সুপার এইটে যাচ্ছে জিম্বাবুয়ে।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটের লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে। গত আসরে খেলতেই না পারা দলটা এবার ভিন্নরূপে। এবারের বিশ্বকাপের বিস্ময় হয়ে উঠেছেন সিকান্দার রাজারা। যার ঝলক দেখা গেল আজও।

কলম্বোতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করে লঙ্কানরা। জবাবে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের। জয়ের নায়ক অধিনায়ক সিকান্দার রাজা।

অথচ প্রেমাদাসায় এতো রান তাড়া করে মাত্র একবারই জিতেছিল কোনো দল। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে ২১৫ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ। এছাড়া আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এতো রান তাড়া করে কখনো জিতেনি জিম্বাবুয়ে।

তবে এবার ভুল হয়নি, ৮.৩ ওভারে উদ্বোধনী জুটিতই আসে ৬৯ রান। ২৬ বলে ৩৪ রান করেন আউট হন তাদিওয়ানসে মারুমানি। তিনে নেমে ১২ বলে ২৩ রান করেন রায়ান বার্ল।

এরপর ওপেনার ব্রায়ান বেনেটকে নিয়ে ৪০ বলে ৬৯ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। এই জুটিতেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় জিম্বাবুয়ে। তবে জয় থেকে ১২ রান দূরে থাকতে আউট হন রাজা।

মাত্র ২৬ বলে ৪৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। এরপর টনি মুনিয়োঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান বেনেট। ৪৮ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ৫৪ রানের এই জুটি ভাঙে ১৪ বলে ২২ রান নিয়ে কুশল পেরেরা আউট হলে। তিনে নেমে ২০ বলে ১৪ রান করেন কুশল মেন্ডিস।

তবে ফিফটি তুলে নেন পাথুম নিশানকা। তবে এরপর ইনিংস বড় হয়নি, ৪১ বলে ৬২ রানে থামেন নিশানকা। এরপর মাত্র ২৫ বলে ৪৪ রান করেন পাভান রত্নায়েক। এছাড়া ১৫ রান করেন দুনিথ ভেল্লালাগে।

বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি, ব্রেড ইভান্স ও গ্রায়েম ক্রেমার নেন ২টি করে উইকেট।