আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এতে চরম ক্ষতির আশঙ্কায় আইসিসি। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে পাকিস্তানকে রাজি করাতে মরিয়া সংস্থাটির প্রেসিডেন্ট জয় শাহ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানকে রাজি করাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আলোচনা শুরু করেছে আইসিসি। আর এ দায়িত্ব দেয়া হয়েছে আইসিসি প্রেসিডেন্টের সহকারী, অর্থাৎ সংস্থাটির ডেপুটি প্রেসিডেন্ট ইমরান খাজা।
যেভাবেই হোক পাকিস্তানকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানোর নির্দেশ দেয়া হয়েছে ইমরানকে। ইমরান খাজা সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি। আইসিসিতে জয় শাহের পরেই তার অবস্থান।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তানি বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসিও। কারণ, সম্প্রচারকারী সংস্থার সাথে তাদের যখন চার বছরের চুক্তি হয়েছিল, তাতে ভারত-পাকিস্তান ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির অঙ্ক বেড়েছে।
এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার ক্ষতি হবে। তারা চুপ থাকবে না। চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে। তাতে আইসিসির আরো সঙ্কট বাড়তে পারে। এজন্যই ভারতীয় নাগরিক আইসিসি প্রেসিডেন্টের এই পদক্ষেপ।



