টুর্নামেন্ট সেরার পুরস্কার মাঠকর্মীদের উপহার দিলেন শরিফুল

বিপিএলের টুর্নামেন্ট সেরা হলে মাঠকর্মীদের পুরস্কারের পুরো অর্থ দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শরিফুল ইসলাম। কথা রাখছেন তিনি, ভুলে যাননি প্রতিশ্রুতি।

নয়া দিগন্ত অনলাইন
গত বিপিএলে ২৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ শিকারি ছিলেন শরিফুল
গত বিপিএলে ২৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ শিকারি ছিলেন শরিফুল |ফাইল ছবি

প্রতিশ্রুতি রাখলেন শরিফুল ইসলাম। কথামতো মাঠকর্মীদের দিলেন বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা। তাতে যেন ঈদের আমেজ আগেভাগেই পেলেন মাঠের কারিগররা।

বিপিএলের টুর্নামেন্ট সেরা হলে মাঠকর্মীদের পুরস্কারের পুরো অর্থ দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শরিফুল ইসলাম। কথা রাখছেন তিনি, ভুলে যাননি প্রতিশ্রুতি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পুরস্কারের অর্থ হাতেই পেয়েই সে অর্থ বিলিয়ে দেন মাঠকর্মীদের মাঝে, দুই লাখ টাকা তুলে দিয়েছেন তাদের হাতে।

গত বিপিএল চলাকালীন কোনো এক সময়ে শরিফুল বলেছিলেন, টুর্নামেন্ট সেরা হতে পারলে পুরস্কারের পুরো অর্থ তিনি মাঠকর্মীদের দিয়ে দেবেন।

ক্রিকেটের পর্দার আড়ালে থাকা এসব কর্মীর অবদানকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। শেষ পর্যন্ত শরিফুল টুর্নামেন্ট সেরা হয়ে যান। পুরস্কার হিসেবে পান ১০ লাখ টাকা।

গত জানুয়ারিতে শেষ হয়েছে এবারের বিপিএল। দেড় মাসের বেশি সময় পর সে অর্থ হাতে পেয়েছেন শরিফুল। যদিও পুরো অর্থ পাননি, তা পাবেন কয়েক ধাপে।

তবে বুধবার যে অর্থ পেয়েছেন, তা প্রতিশ্রুতি অনুযায়ী মাঠকর্মীদের হাতে তুলে দিয়েছেন এই পেসার। তাতে বেশ উচ্ছ্বসিত মাঠকর্মীরা।

উল্লেখ, গত বিপিএলে ২৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ শিকারি ছিলেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে তুলতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

যদিও ফাইনালে তার দল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে যায়। কিন্তু দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন শরিফুল।