জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই তালিকা প্রকাশ করেছে বিসিবি।
কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর বিষয়টি আগেই জানানো হয়েছিল। হয়েছেও তাই, কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেয়েছেন ২৮ জন ক্রিকেটার। আগের বছরে যেখানে ছিলেন ২২ জন।
আগের চুক্তিতে থাকা ২১ জন ক্রিকেটারই এবারো তালিকায় জায়গা ধরে রেখেছেন। তবে মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে যাওয়ায়, তার স্থানও খালি। ফলে চুক্তিতে এসেছে ৭ নতুন মুখ।
প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, হাসান মুরাদ, তানভীর ইসলাম। এছাড়া চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, সাইফ হাসান ও নাঈম হাসান।
সর্বশেষ চুক্তিতে ১০ লাখ টাকার এ+ ক্যাটাগরিতে ছিলেন কেবল তাসকিন আহমেদ। তবে এবারের চুক্তি তালিকায় এ প্লাস ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার।
তাসকিন নেমে গেছেন এ ক্যাটাগরিতে। যেখানে আরো আছেন ৩ ফরম্যাটের তিন অধিনায়ক- নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস। তারা পাবেন ৮ লাখ টাকা করে।
৬ লাখ টাকা বেতনের বি ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আর ৪ লাখ টাকা বেতনের সি ক্যাটাগরিতে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
আর সর্বনিম্ন ২ লাখ টাকার ডি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান।



