স্যামির আবেদনে সাড়া, ওয়েস্ট ইন্ডিজ দলকে দেশে পাঠানোর বিশেষ ব্যবস্থা আইসিসির

ভারত থেকে বিমানে দুবাই বা দোহা হয়ে গেলে সুবিধা হত ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। চার্টার্ড বিমানে বিকল্প পথে পাঠানো হবে স্যামিদের। তাতে সময় কিছুটা বেশি লাগবে।

নয়া দিগন্ত অনলাইন
ড্যারেন স্যামি
ড্যারেন স্যামি |সংগৃহীত

চার দিন ধরে কলকাতায় আটকে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের দেশে ফেরার ব্যবস্থা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ড্যারেন স্যামিদের জন্য। এমন উদ্যোগ ক্যারিবিয়ান ক্রিকেটারদের উদ্বেগ কিছুটা কমিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতীয় একটা সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত রোববার ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে কলকাতাতেই রয়েছেন শাই হোপরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য তারা দেশে ফিরতে পারছেন না।

কারণ, একের পর এর ফ্লাইট বাতিল হয়েছে গত কয়েক দিনে। তাই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরও এভাবে বিদেশে আটকে থাকায় বিরক্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। কোচ ড্যারেন স্যামি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘শুধু বাড়ি যেতে চাই।’

ক্যারিবিয়ান কোচের এই কথা দ্রুত ভাইরাল হয়। তারপরই ওয়েস্ট ইন্ডিজ দলকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় আইসিসি।

সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে। যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজ দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্টরা দ্রুত সব ব্যবস্থা করার চেষ্টা করছেন।’

তিনি অবশ্য জানাতে পারেননি, ঠিক কবে ভারত ছাড়তে পারবে ওয়েস্ট ইন্ডিজ। স্যামিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘একটা খবর পেয়েছি। গোটা ওয়েস্ট ইন্ডিজ ঠিক যেটা শুনতে চাইছিল।’

কিছুক্ষণ পর স্যামি আবার লিখেছেন, ‘একটা আশা অন্তত দেখা গেছে। আমাদের নিশ্চিত করে জানানো হোক। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন ধরে আমরা আটকে রয়েছি।’

ভারত থেকে বিমানে দুবাই বা দোহা হয়ে গেলে সুবিধা হত ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। চার্টার্ড বিমানে বিকল্প পথে পাঠানো হবে স্যামিদের। তাতে সময় কিছুটা বেশি লাগবে।

শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, কলকাতায় আটকে পড়েছে দক্ষিণ আফ্রিকাও। বুধবার সেমিফাইনালে হারের পর বৃহস্পতিবার সকালে কলকাতা ছাড়তে পারেননি এডেন মার্করামরা। যুদ্ধ পরিস্থিতির কারণে দিল্লিতে আটকে গিয়েছিল জিম্বাবুয়ে দলও। জিম্বাবুয়ের ক্রিকেটারের ছোট ছোট দলে ভাগ করে বিকল্প পথে দেশে পাঠানো হচ্ছে।