অস্থির সময় পাড় করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই ক্রীড়া পরিষদে জমা পড়েছে বিগত নির্বাচনে নিয়ে ওঠা অনিয়ম ও অস্বচ্ছতার তদন্ত প্রতিবেদন।
অভিযোগ, তথ্য-প্রমাণ ও সাক্ষাৎকারসহ এক হাজারের বেশি পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি মোট ছয়টি বই আকারে গতকাল রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে কমিটি।
তবে কেবল ক্রীড়া পরিষদ নয়, এই প্রতিবেদন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইসিসির সাথে আলোচনা করেই নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
এই প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন দিয়ে গেছে। এপর আমরা তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয়ের সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা আলাপ-আলোচনা করেছি। সেমতে আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, ইনশাআল্লাহ।’
জানা গেছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তদন্ত কমিটির সাথে কথা বলেননি। এ নিয়ে আমিনুল বলেন, ‘তিনি যে অংশগ্রহণ করেননি, নিশ্চয় তা প্রতিবেদনের ভেতরে তা রয়েছে। আমরা যাচাই-বাচাই করে দেখেছি যে তিনি উপস্থিত হননি।’
এদিকে চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত বিসিবির ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। এই প্রসঙ্গে আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের কড়া সমালোচনা করেন।
তিনি অভিযোগ করে বলেন,পরবর্তী বোর্ডে রাখার লোভ দেখিয়ে এবং তাতে কাজ না হলে ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করছেন আমিনুল হক।
এই অভিযোগের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি কিছুই জানি না এই সম্পর্কে। ফেসবুকে সত্য কথাও দেখি, মিথ্যা কথাও দেখি। তিনি সত্য বলেছেন কি মিথ্যা, এটা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন।’



