শনিবার শুরু আইপিএলের ১৯তম আসর, যেমন হলো ১০টি দল

এবারের আসরে প্রতিটি দল নিজ গ্রুপের দলগুলোর বিপক্ষে একবার করে লড়বে। তবে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে দু’বার করে খেলবে।

নয়া দিগন্ত অনলাইন

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম আসর। দশ দলের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলেরই লক্ষ্য জয় দিয়ে আইপিএল শুরু করা।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ব্যাঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচটি।

আইপিএলের ১৮তম আসরে শিরোপা জিতেছিল ব্যাঙ্গালুরু। আহমেদবাদে অনুষ্ঠিত ফাইনালে ব্যাঙ্গালুরু ৬ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। এটা ছিল আইপিএলে ব্যাঙ্গালুরুর প্রথম শিরোপা জয়।

১৯তম আসর শুরুর আগ মুহূর্তে ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানায় বদল এসেছে। প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি রুপিতে ব্যাঙ্গালুরুর পুরুষ এবং নারী দলের মালিকানা কিনে নিয়েছে আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বাধীন ব্যবসায়ী জোট।

রাজস্থান ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের দুটি দলের কর্ণধার- ডেনভার ব্রঙ্কোসের রব ওয়াল্টন এবং ডেট্রইট লায়ন্সের স্বত্বাধিকারীরা। এজন্য খরচ হয়েছে ১৫ হাজার ২৯০ কোটি রুপি।

ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব ছাড়াও গত আসরের প্লে-অফ খেলেছিল গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এলিমিনেটর ম্যাচে গুজরাটকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ওঠে মুম্বাই। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় মুম্বাই।

গত আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস, হায়দারাবাদ, লক্ষ্মৌ সুপার জায়ান্টস, কোলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। আগের আসরের ব্যর্থতাকে পেছনে ফেলে, শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আইপিএল শুরু করবে তারা।

আইপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৮৪টি ম্যাচে লড়বে ক্রিকেটাররা।

তবে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত বছরের ৪ জুন ব্যাঙ্গালুরু শিরোপা জয়ের উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তবে ফাইনালের দিন ৩১ মে জমকালো সমাপনী অনুষ্ঠান করবে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের আইপিএলে একমাত্র বিদেশী অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। কিন্তু পিঠের ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন না কামিন্স। তার অনুপস্থিতিতে হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক ইশান কিশান।

রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন। রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানের পরিবর্তে ট্রেড উইন্ডোতে সঞ্জুকে দলে নেয় চেন্নাই। রাজস্থানের নেতৃত্বে দেখা যাবে ব্যাটার রায়ান পরাগকে। গত আসরের শুরুতে স্যামসনের ইনজুরিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন পরাগ।

এবারের আসরে দশটি দলকে তাদের অর্জিত শিরোপার সংখ্যার ভিত্তিতে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।

‘এ’ গ্রুপে থাকছে চেন্নাই সুপার কিংস (৫ শিরোপা), কোলকাতা নাইট রাইডার্স (৩ শিরোপা), রাজস্থান রয়্যালস (১ শিরোপা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (১ শিরোপা) ও পাঞ্জাব কিংস।

‘বি’ গ্রুপে মুম্বাই ইন্ডিয়ান্স (৫ শিরোপা), সানরাইজার্স হায়দরাবাদ (১ শিরোপা), গুজরাট টাইটান্স (১ শিরোপা), দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

এবারের আসরে প্রতিটি দল নিজ গ্রুপের দলগুলোর বিপক্ষে একবার করে লড়বে। তবে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে দু’বার করে খেলবে।

প্লে-অফের ভেন্যু চূড়ান্ত না হলেও লিগ পর্বের জন্য ১৪টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভেন্যুগুলো হলো- মুম্বাই, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, কোলকাতা, লক্ষ্মৌ, গুয়াহাটি, হায়দরাবাদ, মুল্লানপুর, বিশাখাপত্তনম, ধর্মশালা, জয়পুর ও রায়পুর।

আইপিএলে অংশগ্রহণকারী ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, জশ হ্যাজেলউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুশারা, রসিখ সালাম, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, কণিষ্ক চৌহান, বিহান মালহোত্রা, ভিকি ওস্তাওয়াল, সত্বিক দেশওয়াল।

চেন্নাই সুপার কিংস : ঋুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, রামকৃষ্ণ ঘোষ, শিবম দুবে, উর্বিল প্যাটেল (উইকেটরক্ষক), অংশুল কাম্বোজ, খালিল আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, নূর আহমেদ, শ্রেয়াস গোপাল, গুরজাপনীত সিং, জেমি ওভারটন, আকিল হোসেন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, ম্যাথিউ শর্ট, আমন খান, সরফরাজ খান, রাহুল চাহার।

কলকাতা নাইট রাইডার্স : অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অংক্রিশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীশ পান্ডে, রামনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, মাথিশা পাতিরানা, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, আকাশ দীপ, রাচিন রবীন্দ্র, দাক্ষ কামরা, সার্থক রঞ্জন।

সানরাইজার্স হায়দরাবাদ : প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর স্মরণ, ইশান কিষান, হেনরিচ ক্লাসেন, নিতিশ রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষাল প্যাটেল, ব্রাইডেন কার্স, জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা, জিশান আনসারি, লিয়াম লিভিংস্টোন, শিবাং কুমার, সলিল আরোরা, সাকিব হুসেন, ওঙ্কার তারমালে, অমিত কুমার, প্রফুল হিঙ্গে, ক্রেইনস ফুলেত্রা, জ্যাক এডওয়ার্ডস, শিবম মাভি।

মুম্বাই ইন্ডিয়ান্স : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিনজ, রায়ান রিকেলটন, নামান ধীর, মিচেল স্যান্টনার, উইল জ্যাকস, কর্বিন বোশ, রাজ বাওয়া, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, দীপক চাহার, অশ্বনী কুমার, রাঘু শর্মা, এএম গজনফার, কুইন্টন ডি কক, শার্দুল ঠাকুর, শেরফানে রাদারফোর্ড, মায়াঙ্ক মারকান্ডে, মায়াঙ্ক রাওয়াত, অথর্বা আঙ্কোলেকার, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার।

দিল্লি ক্যাপিটালস : অক্ষর প্যাটেল (অধিনায়ক), নিতিশ রানা, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল, আশুতোষ শর্মা, দুশমন্ত চামিরা, করুণ নায়ার, সমীর রিজভি, টি নটরাজন, ত্রিপুরানা বিজয়, বিপ্রাজ নিগম, মুকেশ কুমার, অজয় মন্ডল, মাধব তিওয়ারি, আউকিব দার, পাথুম নিশাঙ্কা, ডেভিড মিলার, বেন ডাকেট, কাইল জেমিসন, লুঙ্গি এনগিডি, পৃথিবী শ, সাহিল পারাখ।

রাজস্থান রয়্যালস : রিয়ান পরাগ (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, স্যাম কারান, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, তুষার দেশপান্ডে, ক্বেনা মাফাকা, শুভম দুবে, শিমরন হেটমায়ার, লুয়ান-দ্রি প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, সন্দীপ শর্মা, যুধভীর চারক, রবি বিষ্ণোই, সুশান্ত মিশ্র, যশ রাজ পুঞ্জা, ভিগনেশ পুথুর, দাসুন শানাকা, রবি সিং, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন।

গুজরাট টাইটান্স : শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কুমার কুশাশ্র, অনুজ রাওয়াত, জশ বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ইশান্ত শর্মা, গুরনূর সিং ব্রার, রশিদ খান, মানব সুথার, সাই কিশোর, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, জেসন হোল্ডার, টম ব্যান্টন, অশোক শর্মা, লুক উড, পৃথ্বীরাজ ইয়াড়া।

লক্ষ্মৌ সুপার জায়ান্টস : ঋষভ পান্ত (অধিনায়ক), আবদুল সামাদ, আয়ুষ বাদোনি, আইডেন মার্করাম, ম্যাথিউ ব্রিটস্কি, হিম্মত সিং,নিকোলাস পুরান, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি, মায়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান, মনিমারান সিদ্ধার্থ, দিগেবশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং, জশ ইংলিস, হাসারাঙ্গা মডি সিলভা, এনরিচ নর্টি, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, নামান তিওয়ারি, মোহাম্মদ শামি, অর্জুন টেন্ডুলকার।

পাঞ্জাব কিংস : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, হরপ্রিত ব্রার, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, মুশীর খান, পায়লা অভিনাশ, হারনূর পান্নু, সূর্যাংশ শেডগে, মিচেল ওউন, জেভিয়ার বার্টলেট, লকি ফার্গুসন, বৈশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, বিষ্ণু বিনোদ, বেন ডোয়ারশুইস, কুপার কনলি, বিশাল নিশাদ, প্রবীণ দুবে।