মাঠে খেলা ফেরাতে ক্লাবগুলোর সাথে আলোচনায় বসতে চায় বিসিবি

আগামী ৮ এপ্রিল ঢাকার প্রতিটি ক্লাবকে নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
মাঠে খেলা ফেরাতে আলোচনায় বসতে চায় বিসিবি
মাঠে খেলা ফেরাতে আলোচনায় বসতে চায় বিসিবি |নয়া দিগন্ত

বিসিবির সর্বশেষ নির্বাচনের জেরে ঢাকার শীর্ষ ক্লাবগুলো গত ৬ মাস ধরে ঘরোয়া লিগ বয়কট করে আসছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় স্থবির হয়ে পড়েছে ঘরোয়া ক্রিকেট।

এমনকি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্রিকেটারদের ভবিষ্যৎও তাই পড়েছে হুমকির মুখে। এমতাবস্থায় সঙ্কট নিরসনে আলোচনার উদ্যোগ নিয়েছে বিসিবি।

সিসিডিএম কর্তৃক জানা গেছে যে, আগামী ৮ এপ্রিল ঢাকার প্রতিটি ক্লাবকে নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্লাবগুলোকে এক টেবিলে আনতে এটিই বিসিবির প্রথম বড় পদক্ষেপ। এর আগে অবশ্য আগামী ৫ এপ্রিল তৃতীয় বিভাগ ক্রিকেট আয়োজনের জন্যও ক্লাবগুলোর সাথে মিটিং করবে সিসিডিএম।

ঢাকা লিগ সময়মতো শুরু না হওয়ায় দেশের সাধারণ ক্রিকেটারদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। কারণ, প্রতিবছর তাদের আয়ের একটি বিশাল অংশ আসে এই লিগ থেকে।

এই সংকটের সুরাহা করতে গত ১ এপ্রিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল কোয়াব।

মাঠের ক্রিকেট দ্রুত ফেরানোর জন্য কোয়াবের সেই আবেদনের পর বিসিবির পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা এল। এখন দেখার বিষয়, ক্লাব কর্মকতারা ক্ষোভ দূরে ঠেলে ক্রিকেটারদের স্বার্থে এগিয়ে আসেন কিনা।