বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন নিয়োগ পেয়েছেন গত মাসেই। তবে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হয়েছিল গাজী আশরাফ হোসেন লিপুর। এরপর বিসিবির পরামর্শে আরো একটা মাস দায়িত্ব পালন করেন তিনি।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) শেষ হয়েছে লিপুর দায়িত্বভার। তবে তার আগেই বিজ্ঞপ্তি দিয়ে নতুন প্রধান নির্বাচক খুঁজে নিয়েছে বিসিবি। দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন।
একইসাথে নতুন করে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক দুই ক্রিকেটার নাদিফ চৌধুরী ও নাঈম ইসলাম। আর আগে থেকেই ছিলেন হাসিবুল হোসেন শান্ত।
চার সদস্যের নতুন এই প্যানেল দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে আজ। শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়। জানা গেছে, দুপুরে নিজেদের কক্ষে প্রথমবারের মতো বৈঠকে বসবেন তারা।
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের কাজ। সিরিজ শুরু হতে অবশ্য সময় খুব বেশি বাকি নেই আর।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে প্রথম দুই ওয়ানডে। ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে শেষ ম্যাচ।
এরপর একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ২ মে ঢাকায় তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি হবে।
সুতরাং সিরিজকে সামনে রেখে খুব দ্রুতই দল ঘোষণা করতে হবে বাংলাদেশকে। ফলে শুরুর দিন থেকেই বেশ চাপের মধ্য দিয়ে যেতে হবে নির্বাচকদের।



