বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ও সমর্থন—দু’ধরনের প্রতিক্রিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। এবার এই ঘটনায় আসছে নতুন মোড়।

আফ্ফান উসামা

Location :

Dhaka
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো |সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে আলোচনা কম হয়নি। চলছে তর্ক-বিতর্ক। পক্ষে-বিপক্ষে এসেছে নানা মন্তব্য। যা নিয়ে দেশ যেন হয়েছিল দুই ভাগে বিভক্ত। নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো বৈশ্বিক আসরে অংশ না নেয়ার বিষয়টি তদন্তের আওতায় নিয়ে আসছে সরকার। বাংলাদেশ কেনো এই টুর্নামেন্টে অংশ নিলো না, তার কারণ অনুসন্ধান করবে ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ মার্চ) এই তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ও সমর্থন—দু’ধরনের প্রতিক্রিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। এবার এই ঘটনায় আসছে নতুন মোড়।

মিরপুরের এক স্কুলের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি।’

‘কিন্তু কেনো এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব। কেনো আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেনো আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটি দেখবে।’

‘পরবর্তীতে এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সারহে জড়িত ছিলেন, তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব।’ যোগ করেন আমিনুল।

উল্লেখ্য, তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে লিটন দাসদের বিশ্বকাপে অংশগ্রহণে অনুমতি দেননি তিনি।

বাংলাদেশ চেয়েছিল ভারতের বদলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে। তবে নানা আলোচনার পর আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে।

শেষ পর্যন্ত বিসিবি অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। যা নিয়ে ক্রিকেটারদের মাঝেও ক্ষোভ বিরাজ করছিল। ছিল হতাশা।