পাকিস্তানের সাথে সৌজন্যের হাত মেলানো বন্ধ করেছে ভারত। ক্রিকেট মাঠে একে অপরের বিপক্ষে খেললেও, সৌজন্য একেবারে বন্ধ। গোটা বিষয়টিকে ‘বোকামি’ বলে দাবি করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তার কথায়, এই আচরণে ক্রিকেটের আদর্শ নষ্ট করছে ভারত। তবে মঞ্জরেকরের সমালোচনা সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে একচুল নড়ছে না তার দেশ ভারত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানায়, দীর্ঘ নাটকীয়তার পর মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রোববার সন্ধ্যায় কলম্বোয় খেলতে নামবে দুই দল। ম্যাচের আগে প্রশ্ন ছিল, পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আগার সাথে কি হাত মেলাবেন ভারতীয় অধিনায়ক সূর্য?- এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়।
সূর্য কুমার যাদব অবশ্য স্পষ্ট করে কোনো জবাব দেননি। কিন্তু সূত্রের খবর, রোববারেও পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলাবেন না ভারতীয়রা।
ম্যাচের আগেই অবশ্য হাত মেলানো বিতর্ক উসকে দিয়েছেন মঞ্জরেকর। সাবেক ভারতীয় ক্রিকেটার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই হাত না মেলানোর বিষয়টা, যেটা ভারত চালু করেছে, সেটা অত্যন্ত বোকামি। আমাদের মতো দেশকে এটা মানায় না। হয় খেলার আদর্শ পুরোটা মেনে খেলতে হবে নচেত খেলতে নামাই উচিত নয়।’



