যেন পদত্যাগের হিড়িক পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। চলতি সপ্তাহেই দায়িত্ব ছাড়লেন দুই পরিচালক। এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
গত সোমবার বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তার আগে বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন।
দুই পরিচালকের এমন কাণ্ডে যখন বিব্রত ক্রিকেট বোর্ড, তখন বড় ধাক্কাই যেন দিলেন বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিসিবির সূত্রে এই তথ্য জানা গেছে। এ ছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন ইয়াসির নিজেই।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদত্যাগ করেছি। আজ সকালেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।’
কেন পদত্যাগ করেছেন, এমন প্রশ্নে ইয়াসির বলেন, ‘পুরো বিষয়টি একান্তই ব্যক্তিগত। এখানে ভিন্ন কোনো কারণ নেই। যতদিন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি ঠিকঠাকভাবে কাজ করার।’
বিশেষ কোনো চাপের কারণে পদত্যাগের সিদ্ধান্ত কি না- এমন প্রশ্নে ইয়াসির বলেন, ‘কিসের চাপ? চাপের কিছু নেই। আমি নিজের ইচ্ছেতেই বিসিবি প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’
যদিও তিনি নির্বাচিত নন, সর্বশেষ বিসিবি নির্বাচনে এনএসসি মনোনীত পরিচালক হয়েছিলেন ইয়াসির। যদিও অনেক গুঞ্জনই শোনা যাচ্ছে তার পদত্যাগকে কেন্দ্র করে।
এদিকে বিসিবি নির্বাচন নিয়ে চলমান অসন্তোষ ও কমিটির বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই তিন পরিচালকের পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা বিসিবিকে আরো চাপে ফেলেছে।
গুঞ্জন রয়েছে, শুধু ইয়াসিরই নন, আরো কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন। তবে ইয়াসির এই প্রসঙ্গে বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। আর কেউ করেছে কি না, সেটা আমার জানা নেই।’
যদিও এ বিষয়ে বিসিবির আরেক পরিচালকের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমিও শুনেছি, আরো কয়েকজন পদত্যাগ করতে পারেন। তবে না করা পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না।
গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে চলা অসন্তোষ ও কমিটির বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই তিন পরিচালকের পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এ ছাড়া আরো পরিচালকদের পদত্যাগের গুঞ্জন উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি। যা আরো চাপে ফেলে দিয়েছে বিসিবিকে।



