ম্যাক্সওয়েলকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ

আগামী মৌসুমে অস্ট্রেলিয়ার টেস্ট সূচি বেশ ব্যস্ত। আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের হোম সিরিজ খেলবে তারা।

নয়া দিগন্ত অনলাইন
গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল |সংগৃহীত

গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নেই স্যাম কনস্টাসও। তবে প্রথমবারের মতো চুক্তি পেয়েছেন পেসার ব্রেন্ডন ডগেট।

২০২৫-২০২৬ মৌসুমের জন্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে সিএ। মোট ২১ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে তারা। যেখানে নেই অনেক বড় মুখ।

ব্যস্ত টেস্ট সূচি মাথায় রেখেই এই তালিকা সাজানো হয়েছে, যেখানে সাদা বলের চেয়ে লাল বলের ক্রিকেটই বেশি গুরুত্ব পেয়েছে। ফলে ঠাঁয় পাননি টেস্ট দল থেকে দূরে থাকা ক্রিকেটাররা।

আগামী মৌসুমে অস্ট্রেলিয়ার টেস্ট সূচি বেশ ব্যস্ত। আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের হোম সিরিজ খেলবে তারা।

এছাড়া ভারতের মাটিতে পাঁচ টেস্টের কঠিন সফর অপেক্ষা করছে। আর সবশেষে আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্ট।

এমন অবস্থায় ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েলের বাদ পড়া অবশ্য তেমন বিস্ময়ের নয়। কারণ গত বছরই তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন। আর টেস্ট দলে ফেরার সম্ভাবনাও নেই।

স্যাম কনস্টাস জায়গা হারিয়েছেন মূলত রানখরার কারণে। তার জায়গায় সুযোগ পান জেক ওয়েদারাল্ড। চুক্তি তালিকাতেও নিজের নাম ধরে রাখতে পেরেছেন তিনি।

নতুন তালিকার সবচেয়ে বড় চমক ব্রেন্ডন ডগেট। অ্যাশেজে টেস্ট অভিষেকের পর দুই ম্যাচে সাত উইকেট নিয়ে নজর কাড়েন এই পেসার। এবার সুযোগ পেলেন কেন্দ্রীয় চুক্তিতে।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত ক্রিকেটাররা

জাভিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লিওন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।