মাস সেরার দৌড়ে স্যামসন বুমরাহ এস্তেহুইজেন

গত মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এস্তেহুইজেনের। ৫ ইনিংসে ২০০ রান করে সিরিজ সেরা হন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মাস সেরার দৌড়ে স্যামসন বুমরাহ এস্তেহুইজেন
মাস সেরার দৌড়ে স্যামসন বুমরাহ এস্তেহুইজেন |সংগৃহীত

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মার্চে সেরার দৌড়ে আছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দুই খেলোয়াড় সঞ্জু স্যামসন ও জাসপ্রিত বুমরাহ এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটার কনর এস্তেহুইজেন।

গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে ৩২১ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন স্যামসন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৮৯ রানের দু’টি ইনিংস খেলেন তিনি। তার আগে সুপার এইটে ভারতের শেষ ম্যাচে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছিলেন স্যামসন।

বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বুমরাহ। স্বদেশী স্পিনার বরুণ চক্রবর্তীর সাথে ১৪টি করে উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন এই ডান-হাতি পেসার। শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান বুমরাহ।

গত মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এস্তেহুইজেনের। ৫ ইনিংসে ২০০ রান করে সিরিজ সেরা হন তিনি।

অভিষেক ম্যাচে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন এস্তেহুইজেন। পরের দুই ইনিংসে যথাক্রমে- ৮ ও ১৫ রান থামেন তিনি। তবে সিরিজের শেষ দুই ম্যাচে যথাক্রমে- ৫৭ ও ৭৫ রানের ইনিংস খেলে ৩-২ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে অবদান রাখেন এস্তেহুইজেন। সিরিজের শেষ দুই ম্যাচে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।