২০১৬ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। যা দলটার যে কোনো ফরম্যাটে শেষ বৈশ্বিক শিরোপা। এরপর বাড়ছে কেবল অপেক্ষা, যা ফুরায়নি এবারের বিশ্বকাপ আসরেও।
ঘরের মাঠে বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে লঙ্কানরা। এমন ব্যর্থতার পর শ্রীলঙ্কা ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সনাথ জয়াসুরিয়া। ছাড়ছেন প্রধান কোচের দায়িত্ব।
সাবেক এই ক্রিকেটারের বিদায়ের পর দাসুন শানাকার দলের নতুন হেড কোচ কে হবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে ছক কষছে লঙ্কান বোর্ড।
জানা গেছে, ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ ও প্রমাণিত কোনো কোচকে দায়িত্ব দিতে আগ্রহী তারা। সূত্র বলছে, এসএলসির শর্টলিস্টে আছে তিন অভিজ্ঞ কোচ—ট্রেভর বেলিস, অ্যালান ডোনাল্ড ও জনাথন ট্রট।
ট্রেভর শ্রীলঙ্কা ক্রিকেটে পরিচিত মুখ। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত লঙ্কানদের প্রধান কোচ ছিলেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতেও ভূমিকা রাখেন। যদিও ফাইনালে হেরে যায় শ্রীলঙ্কা।
এদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ডোনাল্ড আছেন শর্টলিস্টে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন তিনি।
ঘরোয়া ও আন্তর্জাতিক—দুই পর্যায়েই কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ডোনাল্ডের।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচও ছিলেন ডোনাল্ড।
ইংল্যান্ডের সাবেক ব্যাটার জনাথন ট্রটও রয়েছেন সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। যিনি সদ্যই ছেড়েছেন আফগানিস্তান দলের দায়িত্ব। ২০২২ সালে আফগানদের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি।
তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন মোহাম্মদ নবীরা। সেমিফাইনালের খুব কাছাকাছি পৌঁছেছিল তারা। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে সেমিফাইনালেও।
উল্লেখ্য, বিশ্বকাপ শেষেই আফগানিস্তান সিরিজে মাঠে নামবে শ্রীলঙ্কা। নতুন কোচ না পাওয়া গেলে সেই সিরিজেই শেষবার দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া। ২০২৬ সালের জুন পর্যন্ত এসএলসির সাথে চুক্তি রয়েছে তার।
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কার প্রধান কোচ হন জয়সুরিয়া। তার অধীনেই ভারতের বিপক্ষে ২৭ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতে শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ হারায় টেস্টে। তার সময়েই ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারায় শ্রীলঙ্কা। তবে গত কয়েক মাসে আর তেমন সাফল্য পাননি তিনি।



