কাঁধের ইনজুরিতে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন লাহোর কালান্দার্সের ব্যাটার পারভেজ হোসেন ইমন। শনিবার রাতেই বাংলাদেশের উদ্দেশে পাকিস্তান ছাড়বেন তিনি।
বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
বিবৃতিতে লাহোর জানায়, গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলির সাথে সংঘর্ষে কাঁধে চোট পান ইমন। পরে এমআরআই পরীক্ষায় তার কাঁধের লিগামেন্ট ছিড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ইমনকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
লাহোর আরো জানায়, ইনজুরির কারণে গত ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেননি ইমন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর কর্তৃপক্ষ।
এবারের আসরে লাহোরের হয়ে তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন। এর মধ্যে মুলতান সুলতানসের বিপক্ষে দু’টি চার ও পাঁচটি ছক্কায় ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য বাঁ-হাতি ইমন। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ইমনের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে তার।



