বদলে গেল নারী বিপিএল শুরুর সূচি, খেলা হবে ৩ মাস পর

আসর শুরুর সময় পরিবর্তনের বিষয়টি জানিয়ে বিসিবি এক বিবৃতি প্রকাশ করে আজ। যেখানে তারা লিখেছে, ‘নারী বিপিএল-এর উদ্বোধনী আসর এখন ১০-২১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় অনুষ্ঠিত হবে।’

নয়া দিগন্ত অনলাইন
নারী বিপিএল
নারী বিপিএল |সংগৃহীত

গত মাসে নারী বিপিএল আয়োজন নিয়ে ঘোষণা দিয়েছিল বিসিবি। প্রকাশ করেছিল আনুষ্ঠানিক সূচিও। তবে শেষ মুহূর্তে এসে বদলে গেল পরিকল্পনা, তিন মাস পেছালো এই টুর্নামেন্ট।

আগে কখনো মাঠে গড়ায়নি নারী বিপিএল। প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে চলতি বছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। যা শেষ হওয়ার কথা ছিল আগামী ১৪ এপ্রিল। তবে এখন আর গড়াচ্ছে না নারীদের এই আসর।

আসর শুরুর সময় পরিবর্তনের বিষয়টি জানিয়ে বিসিবি এক বিবৃতি প্রকাশ করে আজ। যেখানে তারা লিখেছে, ‘নারী বিপিএল-এর উদ্বোধনী আসর এখন ১০-২১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় অনুষ্ঠিত হবে।’

বিবৃতিতে আরো জানায়, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায়, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও প্রধান অংশীদারদের সাথে আলোচনার পর বিসিবি টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।’

‘যাতে দলগুলো স্কোয়াড গঠন, আন্তর্জাতিক খেলোয়াড় নিয়োগ এবং পরিচালনগত পরিকল্পনাসহ প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পায়।’

এদিকে জানা যায়, নারী বিপিএলের দু’টি দলের নাম ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছিল। রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং পাইরেটস। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছিল রংপুর রাইডার্সও।