অন্য অনেক কিছুর মতো এই দেশের মানুষের আবেগে গেঁথে গেছে ক্রিকেট। ব্যতিক্রম নয় মাদরাসার শিক্ষার্থীরাও। বিকেল হলে বা ছুটির দিনে তারা ছুটে যায় মাঠে। নেমে যায় ব্যাট-বল হাতে।
তাদের এই ক্রিকেটপ্রেমের স্বীকৃতি মিলছে সহসাই। মাদরাসা থেকে ক্রিকেটার বের করে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাস থেকে তারা চালু করছে মাদরাসা ক্রিকেট।
গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর মাদরাসা ক্রিকেট টুর্নামেন্ট চালুর কথা জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সুখবর দিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। গতপরশু গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব নিয়েই তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার আনতে মাদরাদার দিকে চোখ দিলেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে আসিফ আকবর বলেন, ‘আমরা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট ও মাদরাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটও।’
তিনি বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় ও কোচই মাদরাসায় পড়াশোনা করেছেন। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও দেখবেন মাদরাসা থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে।’
‘মাদরাসার বড় বড় মাঠও আছে, তাই আমাদের লক্ষ্য ক্রিকেটকে বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দেয়া। ছেলেদের পরীক্ষার সময় দেখে আমরা সূচি ঘোষণা করব।’ যোগ করেন আসিফ।



