বহু বছর ধরে আলোচনার পর এবার আলোর মুখ দেখছে নারীদের বিপিএল। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ এপ্রিল থেকে নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।
দেশের দুই ভেন্যুতে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড। খেলা হবে মিরপুর শেরে বাংলা ও চট্টগ্রামের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
নারী বিপিএলের এই আসর চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। ১০ দিনের এই টুর্নামেন্টের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তি দেয়ার পাশাপাশি টিভি স্বত্ব ও পৃষ্ঠপোষক খোঁজার কাজও শুরু করে দিয়েছে বোর্ড।
সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে হবে প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে ও তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে।
জানা গেছে, আইকন ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
দ্বিতীয় সেরা ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে। যাদের মূল্য ধরা হয়েছে ৭ লাখ টাকা করে।
এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে আছেন ১৫ জন ক্রিকেটার। তাদের নির্ধারিত মূল্য ৫ লাখ টাকা করে। সি’ ক্যাটাগরির থেকে ৩ লাখ টাকা ও দেড় লাখ টাকায় পাওয়া যাবে ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটার।
বিদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে প্রতিটি দলকে অন্তত ৪ জন করে খেলোয়াড় স্কোয়াডে রাখতে হবে ও ম্যাচের একাদশে অন্তত ২ জন বিদেশী খেলানো বাধ্যতামূলক।
ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশী ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে।
বিদেশী খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো— ‘এ’ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার, ‘সি’ ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার।



