কোনো সমীকরণ দাঁড় করাতে পারেনি দুরন্ত। টানা দুই ম্যাচে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে আকবর আলির দল। বিপরীতে ফাইনালে খেলবে ধূমকেতু ও দুর্বার।
প্রথম ম্যাচে ধুমকেতুর বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় দুরন্ত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে দুর্বারের বিপক্ষে তাদের হার ৭ উইকেটে। তাতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি শেষ দুরন্তের।
আগে ব্যাট করে আজ ১৯.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় দুরন্ত। জবাবে ১৭.৩ ওভারে জিতে যায় দুর্বার। মাত্র ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন খালেদ আহমেদ।
এদিন ২ ওভারে মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দুরন্ত। ৮.২ ওভারে ৩২ রানে হারায় ৩ উইকেট। জাওয়াদ আবরার ৬ ও ২২ বলে ৮ রান করেন মাহফিজুল।
এরপর আরিফুল ইসলামের ৩২ বলে ৪১, মেহরাব হাসানের ২৩ বলে ৩৬ ও আব্দুল গাফফার সাকলায়েনের ৯ বলে ১৮ রানে ১৪৫ পর্যন্ত পৌঁছায় দুরন্ত।
রান তাড়ায় ৫.৪ ওভারে উদ্বোধনী জুটিতেই ৬১ রান যোগ করেন মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান। ১৭ বলে ৩৯ রানে আউট হন সোহান। ৫১ বলে ৫৮ করেন জয়।
তিনে নেমে রান পাননি নাজমুল হোসেন শান্ত (৫)। তবে দলকে আর জিততে দেননি নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। নুরুল ২৪ বলে ২৮ ও ৫ বলে ১১ রানে অপরাজিত ছিলেন আফিফ।
দুরন্তের হয়ে ৩ উইকেট নেন সাকলায়েন। তাতে অবশ্য দুর্বারের জয় আটকে থাকেনি। টানা দুই জয়ে ফাইনালে শান্ত বাহিনী। ৯ তারিখ যেখানে তাদের প্রতিপক্ষ ধূমকেতু।



