টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শঙ্কাটা ক্রমশ বাড়ছিল। প্রশ্ন ছিল, বিশ্বকাপে আফগানিস্তানের ভরাডুবির পর নেতৃত্বে বহাল থাকবেন রশিদ খান? উত্তর পাওয়া গেল বৃহস্পতিবার। জানা গেছে, আফগান দলের নেতৃত্বে বদল হয়েছে। রশিদ খানের জায়গায় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপে গ্রুপ পর্বে ছিটকে যেতে হয়েছিল আফগানিস্তানকে। এরপরই রশিদ খানকে সরিয়ে দেয়ার চিন্তা শুরু হয়। সেই চিন্তাতেই সিলমোহর পড়ে গেল। অবশেষে নেতৃত্ব হারালেন তিনি।
১৩ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা। সেখানে অধিনায়ক হিসাবে দেখা যাবে ইব্রাহিম জাদরানকে। বিশ্বকাপে এই জাদরানই আফগানিস্তান টি-২০ দলের সহ-অধিনায়ক ছিলেন।
নেতৃত্ব ছাড়াও আফগানিস্তান দলে কিছু বদল হয়েছে। সুযোগ পাননি ফজলহক ফারুকি, গুলবাদিন নায়েব এবং মোহাম্মদ ইসহাক। টি-টোয়েন্টির সাথে তারা ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন।
তাদের বদলে টি-টোয়েন্টি দলে এসেছেন নুর রহমান, শরফুদ্দিন আশরাফ এবং ফরিদ আহমেদ। ওয়ানডে দলে এসেছেন জিয়াউর রহমান শরিফি।
উল্লেখ্য, ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০, ২২ ও ২৫ মার্চ রয়েছে ওয়ানডে। খেলাগুলো হবে শারজা এবং দুবাইয়ে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সেখানে খেলাধুলা বন্ধ রয়েছে। এই অবস্থায় সেখানে সিরিজ আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই।



