বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে আসিফ

এর আগে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করছিলেন আসিফ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বিসিবিতে আসার পর থেকেই বেশ আলোচনায় আছেন আসিফ আকবর। এবার বোর্ডে বড় দায়িত্ব পেলেন তিনি, গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

গত ২২ ফেব্রুয়ারি মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আসিফকে দেয়া হয় গেম ডেভলপমেন্টের দায়িত্ব। যদিও এখনো আসেনি আনুষ্ঠানিক ঘোষণা।

মূলত এই বিভাগের দায়িত্বে ছিলেন ইশতিয়াক সাদেক। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে গত বিসিবি নির্বাচনে জয়ী হয়ে বোর্ডে আসেb ইশতিয়াক। দায়িত্ব নেন গেম ডেভেলপমেন্ট বিভাগের।

তবে দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মাথায় পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগ নিয়ে তখনই বিভিন্ন গুঞ্জন রটে। ইশতিয়াক অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে দায়িত্ব ঠিকভাবে সামলাতে না পারায় পদত্যাগ করেছেন তিনি।

যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি বিসিবি। তবে শূন্যস্থান পূরণে আসিফকে দেয়া হলো এই দায়িত্ব। এর আগে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করছিলেন আসিফ।