কাঁধ ও কনুইয়ের ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের শুরু থেকে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার প্রক্রিয়ায় আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
সর্বশেষ অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে কাঁধ ও কনুইয়ের ইনজুরিতে পড়েন স্টার্ক। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। আইপিএল দিয়ে আবারো মাঠে ফেরার পরিকল্পনা ছিল স্টার্কের। কিন্তু ইনজুরি থেকে এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাই আইপিএলের শুরু থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামা হচ্ছে না স্টার্কের।
ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন বলে নিশ্চিত করেছেন স্টার্ক। তিনি বলেন, ‘আমি বর্তমানে কাঁধ ও কনুইয়ের ইনজুরি থেকে সেরে উঠার প্রক্রিয়ায় আছি। অস্ট্রেলিয়ার মৌসুম চলাকালীন এই ইনজুরির অবস্থা ও মাত্রা বুঝতে পারিনি। এখন ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি দ্রুতই মাঠে ফিরতে পারব।’
আইপিএলের শুরুতে দলের হয়ে মাঠে নামতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন স্টার্ক। তিনি বলেন, ‘আইপিএলের শুরুতে দলের সাথে মাঠে নামতে না পারায় আমি দুঃখিত। এ সময়টা দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দ্রুতই দলের সাথে যোগ দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ও মাঠে ফেরার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গত আইপিএলে দিল্লির হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন স্টার্ক। বাসস


