বিপিএলে বিদেশী তারকাদের পাওয়া সহজ হচ্ছে

গত আসরেও বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আইএল টি-টোয়েন্টিতে অংশ নিলে বিপিএল শুরু হওয়ায় মাঝ পথে দেশে ফিরতে হয় এই দুই পেসারকে।

নয়া দিগন্ত অনলাইন
বিপিএলের একটি ম্যাচের দৃশ্য
বিপিএলের একটি ম্যাচের দৃশ্য |ফাইল ছবি

বিপিএলের জন্য সুখবর। তারকা খেলোয়াড় ভেড়ানো সহজ হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোর। সহজ করে দিলো আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আইএল টি-টোয়েন্টির সময়সূচি বদলে দিয়েছে তারা।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে সংঘর্ষ এড়াতে এগিয়ে আনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির পরবর্তী আসরের সময়সূচি।

আগের তিন মৌসুম জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে অনুষ্ঠিত হওয়ায় বিপিএল ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির সাথে সূচির সংঘর্ষ হতো আইএল টি-টোয়েন্টির।

তারকা খেলোয়াড়দের প্রাপ্তিতে অন্য দুই লিগের সাথে প্রতিযোগিতা এড়ানোর লক্ষ্যে এবার এক মাস এগিয়ে আনা হয়েছে এই টুর্নামেন্ট। ২২ নভেম্বর থেকে শুরু হবে আইএল টি-টোয়েন্টি।

ছয় দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৩৪ ম্যাচ। ২০ ডিসেম্বরের অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।

টুর্নামেন্টের সূচি পরিবর্তন প্রসঙ্গে আইএল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি পঞ্চম আসরের সময়সূচি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।

‘উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি ২০২৬ সালের ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। চতুর্থ আসরের সাফল্যে আমরা খুবই সন্তুষ্ট।’- যোগ করেন তিনি।

এদিকে নতুন এই সূচিতে তাই আইএল টি-টোয়েন্টির দরজা খুলে যেতে পারে অনেক বাংলাদেশী ক্রিকেটারদের। কেননা আগে বিপিএল থাকায় সম্ভাবনা থাকলেও অনেকেই অংশ নিতে পারতো না এই টুর্নামেন্টে।

গত আসরেও বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আইএল টি-টোয়েন্টিতে অংশ নিলে বিপিএল শুরু হওয়ায় মাঝ পথে দেশে ফিরতে হয় এই দুই পেসারকে।

পাশাপাশি আইএল টি-টোয়েন্টির সূচি এগিয়ে আনায় উপকৃত হতে পারে বিপিএলের দলগুলো। কেননা আগে একই সময়ে আইএল টি-টোয়েন্টি থাকায়, বিদেশী ক্রিকেটার পাওয়া কঠিন হতো।