আস্থার প্রতিদান দিলেন পারভেজ হোসেন ইমন। প্রথম দুই ম্যাচে সুবিধা করতে না পারলেও তৃতীয় ম্যাচে বিধ্বংসী রূপে দেখা গেল তাকে। খেলেছেন ১৯ বলে ৪৫ রানের ইনিংস।
পিএসএলে শুক্রবার (৩ এপ্রিল) মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্স। এই ম্যাচেও লাহোরের একাদশে জায়গা ধরে রেখেছেন পারভেজ ইমন ও মোস্তাফিজুর রহমান।
লাহোরের হয়ে ওপেনিংয়ে সুযোগ পান ইমন। তার সাথে ইনিংস শুরু করেন মোহাম্মদ নাইম। দু’জনে মিলে উড়ন্ত সূচনা এনে দেন টসে হেরে ব্যাট করতে নামা লাহোরকে।
তারা ৩.২ ওভারেই দলীয় পঞ্চাশ তুলে নেয়। শুরুতে নাইম আক্রমণ চালালেও চতুর্থ ওভারে ইমন চড়াও হন মোহাম্মদ নাওয়াজের ওপর। দুই ছক্কা ও এক চারে সেই ওভার থেকে নেন ১৯ রান।
পরের ওভারে ফয়সাল আকরামকে টানা তিন ছক্কা মারেন ইমন। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি। ৫.১ ওভারে ইমন আউট হন ৫ ছক্কা ও ২ চারে ২৩৪ স্ট্রাইকরেট নিয়ে।
তাতে লাহোর ৮৬ রানে হারায় তাদের প্রথম উইকেট। ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। ইমন ফিরলেও অবশ্য লাহোর উড়ছে, ১০ ওভারেই পেরিয়েছে দেড় শ’ রানের গণ্ডি।
এই মুহূর্তে তাদের রান ১১ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। ২৮ বলে ৬০ করে আউট হন নাইম।



