নিরাপত্তাবিধি ভেঙ্গে ১০ লাখ রুপি জরিমানা আফ্রিদির

চলমান পিএসএলে আফ্রিদির নেতৃত্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে লাহোর।

নয়া দিগন্ত অনলাইন

টিম হোটেলে অননুমোদিত দর্শনার্থীদের এনে নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করেছে লাহোর কালান্দার্স।

গত শনিবার রাতে টিম হোটেল কক্ষে চারজন অননুমোদিত দর্শনার্থী দেখা করতে আসেন আফ্রিদি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজার সাথে। যা চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিয়ম ভঙ্গের শামিল।

তবে রাজাকে কোন জরিমানা করা হয়নি। এই ঘটনার সাথে জড়িত থাকায় প্রোটোকল লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল পুলিশ। টিম হোটেলে অননুমোদিত দর্শনার্থীদের নিয়ে আসার দায় নিজ কাঁধে নিয়ে এক সংবাদ সম্মেলনে রাজা বলেছিলেন, ‘এখানে আফ্রিদির কোন দোষ নেই। এই ঘটনার পুরো দায়ভার আমার।’

এক বিবৃতিতে লাহোর জানিয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে আফ্রিদিকে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। এটি কোনো ইচ্ছাকৃত নিয়ম লঙ্ঘন ছিল না। তবে ঘটনাটি জনসমক্ষে যেভাবে এসেছে সেটি অতি অতিরঞ্জিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) দেয়া হয়েছে।’

চলমান পিএসএলে আফ্রিদির নেতৃত্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে লাহোর।

এবারের পিএসএলে লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। প্রথম দুই ম্যাচে ১৯ ও ২০ রানে একটি করে উইকেট শিকার করেন ফিজ। দুই ম্যাচে ইমনের ব্যাট থেকে আসে যথাক্রমে-১৪ ও ১২ রান। বাসস