পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত, ম্যাচ হবে দর্শকবিহীন

গোয়েন্দা সংস্থাগুলোর প্রশংসা করে তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটতে পারত, সেগুলো ঘটতে দেয়া হয়নি।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

রোববার (২২ মার্চ) ডেইলি জংগ জানিয়েছে, লাহোরে এক সংবাদ সম্মেলনে মহসিন নাকভি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং এতে অতিরিক্ত ব্যয়ও হবে না।

তিনি জানান, পিএসএলের ম্যাচগুলো শুধু দুই শহর- করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে। পিএসএল নিয়ে বিভিন্ন মহলের সাথে পরামর্শ চলছিল এবং বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ কতদিন চলবে, তা নিশ্চিত নয়।

মহসিন নাকভি বলেন, পিএসএল একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, যেখানে বিদেশী খেলোয়াড়রাও অংশ নেন। নির্ধারিত সূচি অনুযায়ী পিএসএল-১১ আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে এবং অবশ্যই টুর্নামেন্টটির আয়োজন করা হবে।

পিসিবি চেয়ারম্যান আরো জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর গেট মানি পিসিবি প্রদান করবে। নতুন সূচি দেয়া হবে, যাতে দলগুলোর যাতায়াত কমিয়ে আনা যায়। তবে পিএসএলের ম্যাচগুলো দর্শকবিহীন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ভক্তরা চাইলে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। এ জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি এবং আশা প্রকাশ করেন, দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।

এ ছাড়া তিনি জানান, পিসিবির পূর্ণকালীন কর্মকর্তারা পিএসএলে কাজ করতে পারবেন না, তবে খণ্ডকালীন ব্যক্তিরা পিএসএলের দলগুলোর সাথে কাজ করতে পারবেন।

তিনি আরো বলেন, যদি পিএসএল স্থগিত করা হতো, তাহলে সামনে আর কোনো সময়সূচির সুযোগ থাকত না। এটি একটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং *নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই—সব প্রতিষ্ঠান সতর্ক অবস্থায় রয়েছে। সম্ভাব্য কিছু ঘটনা ঘটার আগেই প্রতিরোধ করা হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলোর প্রশংসা করে তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটতে পারত, সেগুলো ঘটতে দেয়া হয়নি।