‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

‘এ ধরনের প্রস্তুতির দরকার ছিল ও সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’

নয়া দিগন্ত অনলাইন
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত |ফাইল ছবি

একসময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। পরবর্তীকালে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও বর্তমানে টেস্ট ফরম্যাটের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শান্ত।

চলমান ওয়ানডে বিসিএলেও নেতৃত্ব দিয়ে উত্তরাঞ্চলকে ফাইনালে তুলেছেন শান্ত। এবার দলের অধিনায়ককে প্রশংসায় ভাসালেন দলটির কোচ তারেক আজিজ খান।

সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারেক বলেন, ‘নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। তবে আমরা যে দলটা নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক।’

‘তার নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসাথে কাজ করেছি। তাই একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। যেভাবে পারফর্ম করছে ও দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দলের জন্য খুব ইতিবাচক।’

পরে উইকেট নিয়ে তারেক বলেন, ‘বগুড়া ও রাজশাহীতে যে উইকেটগুলোতে খেলা হয়, আমার মনে হয় ব্যাটারদের জন্য যেমন সুযোগ ছিল, আবার সকালে রাজশাহীর বোলিংয়ে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে।’

দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাটে খেলে না বাংলাদেশ। আবার আগামী বছর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। যার প্রস্তুতি শুরু হচ্ছে চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।

সিরিজ শুরুর আগে নিজেদের ঝালাই করে নিতে বিসিএল ওয়ানডে আয়োজন করে বিসিবি। এই প্রসঙ্গে তারেক বলেন, ‘সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি।’

‘এ ধরনের প্রস্তুতির দরকার ছিল ও সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’ যোগ করেন আজিজ।

এরপর নিজের দলের লক্ষ্য সম্পর্কে তারেক বলেন, ‘আমরা আসলে সত্যি বলতে খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি ও দলটা অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপার দিকেই আমাদের লক্ষ্যটা স্থির রেখেছি।’