সমালোচনার মুখে সুর বদলেছেন সাকিব আল হাসান। জানিয়েছেন রাজনীতি নয়, ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি। আবারো গায়ে চাপাতে চান লাল-সবুজের জার্সি।
ঘটনার সূত্রপাত সোমবার। এক জাতীয় দৈনিকের সাথে আলাপে সাকিব বলেন, ‘যেহেতু এখন রাজনৈতিক দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে।’
তার এমন মন্তব্য ভালোভাবে নেননি সমর্থকেরা। শুরু হয় ব্যাপক সমালোচনা। সাকিবের এমন আওয়ামী লীগ প্রীতি নিয়ে তারা প্রশ্ন তোলে তার মানসিকতার। বিষয়টি অনুধাবন করতে পারেন সাকিবও।
ফলে প্রায় ১২ ঘণ্টা পর সুর বদলে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে দর্শকদের কাছে স্পষ্ট করেছেন নিজের বক্তব্য ও লক্ষ্য-উদ্দেশ্য।
সাকিব লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে।’
‘ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’ যোগ করেন সাকিব।
তবে তিনি যে রাজনীতি ছাড়ছেন না, সেই বার্তাও দেন। সাকিব আরো লেখেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।’
‘তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’
সাকিব আরো বলেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’



