ম্যাচ চলাকালীন মৌমাছির আক্রমণে আম্পায়ারের মৃত্যু

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। তবে তারা সবাই আপাতত শঙ্কামুক্ত আছেন।

নয়া দিগন্ত অনলাইন

ম্যাচ চলাকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার। আহত হয়েছেন আরো অনেকে। কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

গতকাল (বুধবার) ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে ঘটেছে এই ঘটনা। প্রাণ হারানো আম্পায়ারের নাম মানিক গুপ্ত (৬৫)।

জানা গেছে, অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে। ফলে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবাই যে যেদিকে পারে ছুটে নিরাপদ আশ্রয় নিতে থাকেন। তবে গুরুতরভাবে আহত হন মানিক গুপ্ত। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। তবে তারা সবাই আপাতত শঙ্কামুক্ত আছেন।

ভারতের ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালে ত্রিভ্যান্ড্রামে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার একদিনের ম্যাচ চলাকালেও মৌমাছির আক্রমণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেবার অনেকেই আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।