প্রধান নির্বাচক পদে আর থাকতে চাইছেন না গাজী আশরাফ হোসেন লিপু। করবেন না চুক্তি নবায়ন। ইতোমধ্যে চিঠি দিয়ে বিসিবিকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি।
জানা গেছে, চলতি মাসের ৫ তারিখ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন লিপু। চিঠিতে তিনি জানিয়েছেন, পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিপু বলেন, ‘আমি আমার অবস্থানের কথা জানিয়েছি। আমাকে দুই বছরের চুক্তিতে আর পাওয়া যাবে না।’
কেন পাওয়া যাবে না সেই ব্যাখ্যাও দিয়েছেন লিপু- ‘২০২৭ সালের জানুয়ারি থেকে আমার ব্যক্তিগত ও পারিবারিক কিছু প্রতিশ্রুতি বা কাজ রয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আমি থাকতে পারব। তবে এর মাঝেও আমি ৫-৬ সপ্তাহ দেশের বাইরে থাকব।’
তবে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করছেন না সাবেক এই ক্রিকেটার। বোর্ড প্রয়োজন মনে করলে স্বল্পমেয়াদি ভিত্তিতে দায়িত্ব পালনে সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।
লিপু বলেন, ‘আমার এই সূচি জানার পর তারা যদি বিশেষ বিবেচনায় আলোচনা করতে চায়, করতে পারে। অন্যথায়, আমি ২৮ ফেব্রুয়ারি বিদায় নিতে প্রস্তুত।’
উল্লেখ্য, ‘দুই বছর আগে জাতীয় দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এনে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছিল লিপুকে। চুক্তি অনুযায়ী, নির্বাচক হিসেবে তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই।’
মেয়াদ শেষ হওয়ার মুখে এসে আর দীর্ঘমেয়াদে থাকতে চাইছেন না এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক।



