ইউরোপে আন্তর্জাতিক ক্রিকেটের প্রসার ঘটাতে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। তারই অংশ হিসেবে ‘ইউরো নেশনস কাপ’ নামের টুর্নামেন্ট আয়োজন করতে চায় আইরিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে সিআইয়ের কর্তা-ব্যক্তিরা।
এশিয়া কাপের আদলে ইউরো নেশনস কাপ আয়োজনের পথে এগোচ্ছে সিআই। সিআইয়ের প্রধান নির্বাহী ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন, পরিকল্পনা চলতে থাকলে ২০২৭ সালের গ্রীষ্মেই মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। যেখানে আয়ারল্যান্ড ছাড়াও অংশ নিতে পারে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং ইতালি। ছেলেদের মতো মেয়েদের নিয়েও ইউরো নেশনস কাপ আয়োজনের পরিকল্পনা করছে সিআই। প্রস্তাবিত এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার সম্ভাবনাই বেশি।
গতবছর আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের কাছেও এই টুর্নামেন্টের প্রস্তাব তুলে ধরেছিলেন ম্যাকনিস। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই আলোচনায় ইসিবি সরাসরি যুক্ত ছিল না। এরপরও ইউরো নেশনস কাপ ক্রিকেট আয়োজনের ব্যাপারে আশাবাদী সিআই।
শুক্রবার ২০২৬ সালে নিজেদের মাঠে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক সূচি ঘোষণা করতে গিয়ে ম্যাকনিস বলেন, ‘এই বিষয়টি (ইউরো নেশনস কাপ) আমি অনেক দিন ধরেই বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনায় রেখেছি। এটা এমন একটা বিষয়, যার প্রতি আমি ভীষণভাবে আগ্রহী এবং বিশ্বাস করি এই টুর্নামেন্ট বাস্তবায়ন হওয়া উচিত।’
কয়েক মাসের মধ্যেই টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত জানাবেন ম্যাকনিস, ‘আলোচনাগুলো এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী যে এটি বাস্তবায়ন হবেই… এতে একাধিক স্টেকহোল্ডার যুক্ত থাকবে, যা সময়ের সাথে পরিষ্কার হবে। আমার ধারণা, ২০২৭ সালের গ্রীষ্মেই এটি শুরু হতে পারে। এর সুনির্দিষ্ট সংস্করণ ও বিস্তারিত আগামী কয়েক মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা করছি।’
ম্যাকনিস আরো যোগ করেন, ‘বিভিন্ন স্টেকহোল্ডার ও সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনা চলমান… শুরু থেকেই পরিষ্কার করে বলতে চাই, এটি পুরুষ ও নারী উভয়ের ইভেন্ট। সম্প্রচার সংক্রান্ত দিক থেকে এখনই খুব বেশি এগোনো হচ্ছে না, কারণ সবকিছু চূড়ান্ত হওয়া বাকি। তবে আমরা আশা করছি, এটার জন্য সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট আগ্রহ থাকবে।’



