শেষ মুহূর্তে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত

আগামী শনিবার (২৮ মার্চ) আইপিএল শুরু হচ্ছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নয়া দিগন্ত অনলাইন
পুরনো ছবি

টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত বছর ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তবে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, এর বদলে ফাইনালের দিন (৩১ মে) জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনো অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এবার উদ্বোধনের দিন কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর বিসিসিআই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সেবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

আগামী শনিবার (২৮ মার্চ) আইপিএল শুরু হচ্ছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।