পাকিস্তানি ওপেনার ফখর জামান টি-২০ ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন- এমন খবর চাউর হয়েছিলো গণমাধ্যমে। তবে এবার তিনি নিজেই এ বিষয়ে মুখ খুললেন।
সোমবার (৬ এপ্রিল) জিও নিউজ জানায়, সম্প্রতি এক বিবৃতিতে ফখর জানিয়েছেন, তিনি বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে আপাতত সেই অবস্থান থেকে সরে এসেছেন।
ফখর বলেছেন, আপাতত আমার টি-২০ থেকে অবসর নেয়ার কোনো ইচ্ছা নেই। আমি এই ফরম্যাটের ক্রিকেটের ভালোভাবে ইতি টানতে চাই।
৩৫ বছর বয়সী ফখর জামান টি-২০ ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সেরা একজন ব্যাটার। তিনি ১২০ ম্যাচে ১৩২.৫১ স্ট্রাইক রেটে ২ হাজার ৪৯৪ রান করেছেন। যেখানে রয়েছে তার ১৪টি হাফ সেঞ্চুরি।
তিনি বর্তমানে চলমান পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফর্ম করছেন। তিনি এই দলের হয়ে টানা ১১ মৌসুম প্রতিনিধিত্ব করছেন।


