টি-টোয়েন্টি খেলা ছেড়ে দিলেও বিশ্বকাপে এখনো একটি রেকর্ড রয়েছে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে তার। সেই রেকর্ডের খুব কাছে চলে এসেছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান।
এমন পরিস্থিতিতেই মঙ্গলবার সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এখন প্রশ্ন হলো- এই টুর্নামেন্টেই কি ফারহান কোহলির রেকর্ড ভেঙে দেবেন?
২০১৯ সালে কোহলি একটি বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন। ছয় ম্যাচে চারটি অর্ধশতরান-সহ তার করা এই রান এখনো রেকর্ড। ফারহান এ বছর এখন পর্যন্ত ২২০ রান করে ফেলেছেন। এখনো অন্তত দু’টি ম্যাচ খেলবেন তিনি। ফলে সেই রেকর্ড ভেঙে দেয়ার সুযোগ রয়েছে তার কাছে।
ফারহান জানিয়েছেন, তিনি কখনোই রেকর্ডের কথা ভেবে খেলেন না।
পাকিস্তানি ওপেনার বলেছেন, যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি কখনো পরিসংখ্যানের দিকে তাকিয়ে খেলি না। রেকর্ড আমার নজরে পড়ে না। আমি ভালো খেললে তখন অন্য লোকে এসে আমাকে বলে যে কয়টা ছয় মেরেছি, কয়টা বল খেলেছি বা কত রান করেছি। আমি নিজে ও সব দিকে তাকাই না।
ফারবান আরো বলেছেন, টি-টোয়েন্টিতে ঝুঁকি নিতেই হবে। রেকর্ড ভাঙার চাপ কখনোই নেয়া উচিত নয়। কারণ, সেই রেকর্ড অন্য কেউ অন্য কোনো দিন ভেঙে দেবে। তাই আমি ওদিকে নজর দিই না। আমি সবার ওপরে শেষ করার চেষ্টা করব। তাতে পাকিস্তানেরই লাভ হবে। পাকিস্তানের নাম সবার ওপরে থাকবে।



