রোহিঙ্গাদের সাথে ফুটবল খেললেন ওজিল, করলেন ইফতার

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে ওজিলের বাংলাদেশ সফরের আয়োজনটি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
রোহিঙ্গাদের সাথে ফুটবল খেললেন ওজিল
রোহিঙ্গাদের সাথে ফুটবল খেললেন ওজিল |সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থীদের আনন্দময় একটা দিন উপহার দিলেন জার্মানির কিংবদন্তী মুসলিম ফুটবলার মেসুত ওজিল। খেলেছেন প্রীতি ফুটবল ম্যাচ, একসাথে করেছেন ইফতারও।

দু’ দিনের বাংলাদেশ সফরে এসেছেন মেসুত ওজিল। রমজানে রোহিঙ্গা ক্যাম্পে থাকা মানুষদের সাথে সময় কাটাতে ও মানবিক কাজের লক্ষ্যে বুধবার ঢাকায় আসেন তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে ওজিলের বাংলাদেশ সফরের আয়োজনটি করেছে।

ওজিলের দু’ দিনের বাংলাদেশ সফরে সাথে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের ছেলে বিলাল এরদোগানও।

এ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ওজিল ও তার সফর সঙ্গীরা। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানযোগে কক্সবাজার পৌঁছান তারা।

সেখানে কক্সবাজারের জেলা প্রশাসক মো: আ: মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এসময় তাদের স্বাগত জানান। এরপর দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন মেসুত ওজিল।

রোহিঙ্গা ক্যাম্পে চলমান শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের পর বিকেলে ওজিল ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঠে মংডু ও বুথিডংয়ের মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন।

ম্যাচ চলাকালে একপর্যায়ে মাঠে নেমে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ওজিল রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলেন ও ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তুলে দেন শিরোপা।

এরপর সন্ধ্যায় তুর্কি সরকারের সহযোগী সংস্থার (টিকা) পরিচালিত কিচেন সেন্টারে রোহিঙ্গাদের সাথে প্রথম রোজার ইফতার সারেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল।