লিটন দাসের সাথে চুক্তি নবায়ন ভারতীয় প্রতিষ্ঠানের

এই মুহূর্তে ভারত-বাংলাদেশের সম্পর্ক খানিকটা উন্নতি হয়েছে। যার ফলে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এসজি। লিটনের সাথে আনুষ্ঠানিকভাবে আরো এক মেয়াদে চুক্তি নবায়ন করেছে তারা।

নয়া দিগন্ত অনলাইন
লিটন দাস
লিটন দাস |সংগৃহীত

গত সংসদ নির্বাচনের পর ভারতের সাথে দ্বন্দ্বের বরফ গলতে শুরু করে। অনেকটাই স্বাভাবিক হচ্ছে সম্পর্ক। এর মাঝেই সুসংবাদ পেলেন লিটন দাস, ‘এসজি’র সাথে চুক্তি নবায়ন হয়েছে তার।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দু’দেশের সম্পর্ক তিক্ত হয়ে উঠে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে অবনতি হয় এই সময়ে। বিরাজ করে উত্তেজনা।

যার প্রভাব পড়েছিল ক্রিকেটেও। নিরাপত্তাজনিত কারণে বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ অংশগ্রহণ করেনি। সেই সাথে ক্রীড়া সরঞ্জাম শিল্পে দেখা দেয় ধস নামার আশঙ্কা।

ওই সময় ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলো বাংলাদেশী ক্রিকেটারদের সাথে স্পন্সরশিপ চুক্তি থেকে সরে দাঁড়ায়।

খ্যাতনামা ব্র্যান্ড ‘এসজি’ তাদের চুক্তি নবায়ন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখে। যাদের ব্যাট ব্যবহার করে থাকেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ফলে তার সাথেও এসজির চুক্তি স্থগিত হয়ে যায়।

তবে এই মুহূর্তে ভারত-বাংলাদেশের সম্পর্ক খানিকটা উন্নতি হয়েছে। যার ফলে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এসজি। লিটনের সাথে আনুষ্ঠানিকভাবে আরো এক মেয়াদে চুক্তি নবায়ন করেছে তারা।

চুক্তি নবায়নের বিষয়টি বুধবার নিশ্চিত করেন লিটন দাসের ম্যানেজার। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনকে আবারো এসজির স্টিকারযুক্ত ব্যাট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠ মাতাতে দেখা যাবে।