আইপিএল খেলতে বাধা দেয়ায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নুয়ান থুসারা। এবারের আইপিএলের নিলাম থেকে থুসারাকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এখনো দলটার হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
নুয়ান থুসারা আইপিএলে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে এখনো অনাপত্তিপত্রই (এনওসি) পাননি। যা নিয়ে বেশ ক্ষুব্ধ এই লঙ্কান পেসার। যে কারনে বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কলম্বো জেলা আদালতে মামলা করেছেন তিনি। তার অভিযোগ, অন্যায়ভাবে তাকে এনওসি দেয়া হয়নি।
মামলায় এসএলসির সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিশানায়েকে, কোষাধ্যক্ষ সাজিওয়া গুদালিয়াদা ও সিইও অ্যাশলে ডি সিলভাকে বিবাদী করা হয়েছে।
আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
অবশ্য বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, থুসারাকে এনওসি না দেয়ার কারণ হলো নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে না পারা। তবে থুসারা এই দাবি মানতে নারাজ।
তার মতে, ফিটনেস আগের মতোই আছে। অতীতেও একই অবস্থায় তিনি এনওসি পেয়েছেন। ২০২৫ সালে বেঙ্গালুরুতে শিরোপাজয়ী দলের অংশ থাকাকালেও তাকে অনুমতি দেয়া হয়েছিল।
এদিকে থুসারার দাবি—তাকে ইতোমধ্যেই জানানো হয়েছে যে তিনি ভবিষ্যতে আর জাতীয় দলের জন্য বিবেচিত হবেন না। তাই এনওসি না দেয়া অন্যায় বলে তিনি মনে করছেন।
অবশ্য থুসারার সাথে শ্রীলঙ্কা ক্রিকেটের চুক্তি শেষ হয়েছে গত ৩১ মার্চ। জানা গেছে তিনি আর চুক্তি নবায়নে আগ্রহী নন, যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী বিদেশি লিগে খেলতে হলে নিজ দেশের বোর্ডের এনওসি বাধ্যতামূলক। তবে এই সার্টিফিকেট দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মানদণ্ড নির্ধারণ করা নেই, যা বোর্ডগুলোকে নিজস্ব নীতিমালা অনুসরণ করার স্বাধীনতা দেয়।
এই মামলার মাধ্যমে এখন প্রশ্ন উঠেছে—কোনো খেলোয়াড় যদি আর কেন্দ্রীয় চুক্তির অধীনে না থাকেন, তাহলে বোর্ড তার এনওসি আটকে রাখতে পারে কি না।



