কাঁধের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ডান-হাতি পেসার ইশান মালিঙ্গা।
সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়েন মালিঙ্গা। তারপরও বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাকে।
শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট আশা করেছিল, বিশ্বকাপের মাঝপথে সুস্থ হয়ে যাবেন মালিঙ্গা। কিন্তু ইনজুরির সাথে লড়াই করে জিততে পারলেন না তিনি।
মালিঙ্গার জায়গায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার প্রামোদ মাধুশান। ২০২২ সালে অভিষেকের পর দেশের হয়ে আটটি টি-টোয়েন্টিতে ১২ উইকেট শিকার করেছেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে সর্বশেষ লঙ্কানদের হয়ে ২০ ওভারের ম্যাচ খেলেছেন মাধুশান।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা। রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। গ্রুপে শ্রীলঙ্কার অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। বাসস



