তামিম ইকবালের পাশে দাঁড়ালো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিবি প্রধানের গদিতে বসায় তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বিসিসিআই। জানিয়েছে শুভকামনাও।
গতকাল (মঙ্গলবার) বিকেলে হঠাৎ করেই বিসিবির বিগত নির্বাচনে জয়ী কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ সরকার। ভেঙে দেয়া হয় আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ।
নির্বাচিত কমিটি ভেঙে, দেয়া হয়েছে এডহক কমিটি। যে কমিটির প্রধান হিসেবে আপাতত দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।
নতুন দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা। আইসিসির সদস্য দেশগুলোর মাঝে ভারতই সবার আগে বার্তা দিলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তামিমের নেতৃত্বের প্রশংসা করে রাজিব শুক্লা লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন।’
তামিমের হাত ধরে দেশের ক্রিকেট এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন- ‘সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরো এগিয়ে নেবে।’
সাম্প্রতিক সময়ে বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্ক খুব একটা স্বাভাবিক ছিল না। এমনকি ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও যায়নি বাংলাদেশ। যা দুই দেশের সম্পর্ককে টানাপোড়েনে ফেলে।
তবে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেয়ার পরই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন। যার রূপ দেখা গেল এই শুভেচ্ছাবার্তায়।



