নির্বাচক পদে আবেদন করেছেন ১৬ জন, বৃহস্পতিবার ইন্টারভিউ

এ ছাড়া বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনলাইনের মাধ্যমে এই ইন্টারভিউ বোর্ডে যোগ দেবেন বলে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
আবেদনকারীদের মাঝে আছে বড় কিছু নাম
আবেদনকারীদের মাঝে আছে বড় কিছু নাম |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক পদের জন্য আবেদন করেছেন ১৬ জন সাবেক ক্রিকেটার। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আগামীকাল বৃহস্পতিবার নেয়া হবে আবেদনকারীদের সাক্ষাৎকার।

বিসিবি নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান আব্দুর রাজ্জাক। আর চলতি মাসেই প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপুর।

ফলে গত ১ মার্চ দুইজন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। যেখানে শর্ত হিসেবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই প্রথম শ্রেণি অথবা লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে বলে জানায় বোর্ড।

সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মাঝে ১৬ জন নির্বাচক হওয়ার জন্য ইতোমধ্যেই আবেদন করেছেন। আবেদনকারীদের মাঝে আছে বড় কিছু নাম।

গত ৮ মার্চ ছিল আবেদনের শেষ সময়। বিসিবি সূত্রে জানা গেছে, আবেদনকারী ১৬ জনের মাঝে প্রাথমিক যাচাই-বাছাই শেষে কয়েকজনের নাম বাদ পড়তে পারে।

তবে যারা সংক্ষিপ্ত তালিকায় টিকে থাকবেন, তাদেরই ন্টারভিউ নেয়া হবে বৃহস্পতিবার। নির্বাচক নির্বাচনের গুরুদায়িত্ব পড়েছে বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদের ওপর।

এ ছাড়া গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট অপরাশেসন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও এইচপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাকও থাকবেন এই প্রক্রিয়ায়।

এ ছাড়া বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনলাইনের মাধ্যমে এই ইন্টারভিউ বোর্ডে যোগ দেবেন বলে জানা গেছে।

সূত্রমতে জানা গেছে, ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম, শামসুর রহমান শুভ ও মোহাম্মদ রফিক ইতোমধ্যে আবেদন জমা দিয়েছেন।

প্রধান নির্বাচক পদের লড়াইয়ে এগিয়ে থাকা হাবিবুল বাশার সুমনও শেষ মুহূর্তে এসে নাম জমা দিয়েছেন। নাম জমা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।